এআই ক্যামেরায় ট্রাফিক মামলা ও যানবাহন মনিটরিং কার্যক্রমের উদ্বোধন করলেন ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ০১ জুলাই, ২০২৬, ০৪:০৯ পিএম

রাজধানীতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনার নতুন যুগের সূচনা হলো। এআই ক্যামেরার মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে ট্রাফিক মামলা দায়ের (ই-প্রসিকিউশন) ও যানবাহন মনিটরিং কার্যক্রমের উদ্বোধন করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ, বিপিএম-সেবা।

মঙ্গলবার (৩০ জুন) সকাল ১১টায় রাজধানীর শেরেবাংলা নগরের লেক রোড এলাকায় ট্রাফিক তেজগাঁও বিভাগ কার্যালয় প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। পরে কমিশনার এআই ক্যামেরা কন্ট্রোল রুম পরিদর্শন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ডিএমপি কমিশনার বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বর্তমান গণতান্ত্রিক সরকার দায়িত্ব গ্রহণের পর রাজধানীর ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা পুনরুজ্জীবিত করা হয়েছে এবং ট্রাফিক ব্যবস্থাপনায় ডিজিটাল প্রযুক্তির ব্যবহার জোরদার করা হয়েছে। সনাতন পদ্ধতির পরিবর্তে বর্তমানে ডেটা-ড্রাইভেন ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি ব্যবহার করে ট্রাফিক নিয়ন্ত্রণ করা হচ্ছে।

তিনি বলেন, মহানগরের গুরুত্বপূর্ণ মোড়ে কৌশলগত ডাইভারসন ব্যবস্থা চালু এবং অপ্রয়োজনীয় ক্রসিং বন্ধ করার ফলে যানজট অনেকাংশে কমেছে। পাশাপাশি চালকদের লেন শৃঙ্খলা ও ট্রাফিক সিগন্যাল মেনে চলতে উৎসাহিত করতে এআই ক্যামেরা স্থাপন করা হয়েছে, যা ট্রাফিক ব্যবস্থাপনায় ইতোমধ্যে দৃশ্যমান ইতিবাচক পরিবর্তন এনেছে।

ডিএমপি জানায়, এআই প্রযুক্তির মাধ্যমে কোনো যানবাহন নির্ধারিত গতিসীমা অতিক্রম করলে, বিপজ্জনকভাবে লেন পরিবর্তন করলে, হেলমেট ছাড়া মোটরসাইকেল চালালে কিংবা অবৈধভাবে পার্কিং করলে তা স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত হবে। এরপর কমান্ড সেন্টার থেকে ডিজিটাল পদ্ধতিতে ই-প্রসিকিউশন বা মামলা রুজু করা হবে, যা গাড়ির মালিক বা চালক স্বচ্ছ প্রক্রিয়ায় নিষ্পত্তি করতে পারবেন। এর ফলে ট্রাফিক পুলিশকে সড়কে ঝুঁকি নিয়ে যানবাহন থামানোর প্রয়োজন অনেকাংশে কমে যাবে।

ডিএমপির পক্ষ থেকে জানানো হয়, পর্যায়ক্রমে রাজধানীর অন্যান্য গুরুত্বপূর্ণ এলাকাকেও এআই ক্যামেরা নেটওয়ার্কের আওতায় আনা হবে। ঢাকাকে একটি নিরাপদ, আধুনিক ও সুশৃঙ্খল স্মার্ট সিটি হিসেবে গড়ে তুলতে নগরবাসী, পরিবহন মালিক ও চালকদের সহযোগিতা কামনা করা হয়েছে।

অনুষ্ঠানে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান, যুগ্ম পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) ও অতিরিক্ত দায়িত্বে যুগ্ম পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যাডমিন, প্ল্যানিং অ্যান্ড রিসার্চ) আসফিকুজ্জামান আকতার, বিপিএম, যুগ্ম পুলিশ কমিশনার (লজিস্টিকস) সুফিয়ান আহমেদসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Link copied!