বিদ্যুৎ বিল ২ কোটি ৫৭ লাখ, বিস্ময়ে হতবাক গ্রাহক

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ০১ জুলাই, ২০২৬, ০৪:৫৯ পিএম

হবিগঞ্জে বিদ্যুৎ বিলে অস্বাভাবিক অঙ্ক দেখে বিস্মিত হয়েছেন এক নারী গ্রাহক। মাসে যেখানে তাঁর বিদ্যুৎ বিল সাধারণত একশ থেকে দেড়শ টাকার মধ্যে থাকে, সেখানে চলতি মাসের বিলে পরিশোধযোগ্য অর্থ দেখানো হয়েছে ২ কোটি ৫৭ লাখ ৩৫ হাজার ১০৪ টাকা। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

জেলার সদর উপজেলার নিজামপুর ইউনিয়নের বাসিন্দা তানিয়া আক্তার সোমা বিলটি হাতে পাওয়ার পর প্রথমে হতবাক হয়ে যান। পরে বিলের ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি দ্রুত আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।

পরিবারের সদস্যরা জানান, এতদিন তাঁদের বিদ্যুৎ ব্যবহার অনুযায়ী মাসিক বিল ছিল খুবই স্বাভাবিক। কিন্তু হঠাৎ করে কোটি টাকার বেশি বিল আসায় তারা উদ্বিগ্ন হয়ে পড়েন এবং বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে বিলের ছবি ছড়িয়ে পড়ার পর হবিগঞ্জ জেলা পল্লী বিদ্যুৎ সমিতি বিষয়টি যাচাই করে। তদন্তে জানা যায়, এটি প্রকৃত বিল নয়; কম্পিউটারে তথ্য সংযোজনের সময় সংখ্যাগত ভুলের কারণে বিলে অস্বাভাবিক অঙ্ক প্রদর্শিত হয়েছে।

 

হবিগঞ্জ জেলা পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক মো. জিল্লুর রহমান জানান, তথ্য সংযোজনের সময় অনিচ্ছাকৃত ভুলের কারণেই এমন ঘটনা ঘটেছে। তিনি বলেন, বিলটি ইতোমধ্যে সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে এবং গ্রাহকের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।

Advertisement

Link copied!