সরকার নির্ধারিত ফির বাইরে ভূমিসেবায় কাউকে অতিরিক্ত অর্থ দেবেন না -এসিল্যান্ড নাজমুছ সালেহীন

ভূমিসেবায় স্বচ্ছতা, জবাবদিহিতা এবং হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করতে ময়মনসিংহের তারাকান্দায় ভূমি সেবা সহায়তা কেন্দ্র (LSFC) পরিদর্শন করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুছ সালেহীন।
সোমবার (৭ জুলাই) সকাল ১০টায় তারাকান্দা-ধোবাউড়া সড়কে অবস্থিত ভূমি সেবা সহায়তা কেন্দ্র (LSFC) পরিদর্শন করেন তিনি। এ সময় সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলে সরকার নির্ধারিত ফির অতিরিক্ত অর্থ নেওয়া হচ্ছে কি না, সে বিষয়ে খোঁজ নেন এবং সেবার মান সম্পর্কে তাদের মতামত গ্রহণ করেন।
পরিদর্শনকালে এসিল্যান্ড নাজমুছ সালেহীন বলেন, “ভূমিসেবাকে আরও সহজ, দ্রুত ও হয়রানিমুক্ত করতে সরকার ধারাবাহিকভাবে সব সেবা ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে আসছে। কিন্তু ভূমি-সংক্রান্ত বিষয়ে সাধারণ মানুষের অজ্ঞতা ও প্রযুক্তিভীতির সুযোগ নিয়ে একটি অসাধু চক্র মধ্যস্থতাকারী হিসেবে কাজ করে অতিরিক্ত অর্থ আদায় করছে। এ প্রবণতা বন্ধ করতেই সরকার ভূমি সেবা সহায়তা কেন্দ্র (LSFC) চালু করেছে।”
তিনি আরও বলেন, “এই কেন্দ্র থেকে সরকার নির্ধারিত সেবামূল্যেই নামজারি, ভূমি উন্নয়ন কর, মিস মামলা, খতিয়ানের সত্যায়িত কপি এবং নকশার কপির জন্য আবেদন করা যায়। তাই নির্ধারিত ফির বাইরে কাউকে অতিরিক্ত অর্থ দেওয়ার প্রয়োজন নেই। কেউ অতিরিক্ত অর্থ দাবি করলে বা হয়রানি করলে দ্রুত উপজেলা ভূমি অফিসকে অবহিত করুন। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
উপজেলা ভূমি অফিস সূত্রে জানা গেছে, ভূমিসেবায় স্বচ্ছতা ও জনভোগান্তি কমাতে ভূমি সেবা সহায়তা কেন্দ্রগুলোর কার্যক্রম নিয়মিত তদারকি করা হচ্ছে। পাশাপাশি সাধারণ মানুষকে সরকারি সেবামূল্য সম্পর্কে সচেতন করতে বিভিন্ন উদ্যোগও নেওয়া হয়েছে।

Advertisement

Link copied!