ময়মনসিংহের ফুলপুরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ ইউসুফের সাথে স্থানীয় সাংবাদিকদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সভাটি শুরু হয়। ইউএনও স্বাগতঃ বক্তব্য দিয়ে সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মোঃ শফিকুল ইসলামকে সঞ্চালনার দায়িত্ব দেন। পরে সর্বপ্রথম সঞ্চালক তার নিজের পরিচয় দেওয়ার মাধ্যমে সিরিয়ালি সকলের পরিচয় পর্ব শেষ করা হয়। এরপর সাংবাদিকদের মধ্যে হুমায়ুন কবীর মুকুল, নুরুল আমিন, নাজিম উদ্দিন, সিদ্দিকুল হাসান, আব্দুস সাত্তার, মোস্তফা খান, শাহ নাফিউল্লাহ সৈকত, মিজানুর রহমান আকন্দ, কামরুল ইসলাম খান, নাজমুল হাসান রাজন, সেলিম রানা, বাহার উদ্দিন, আকবর আলী, মোঃ আব্দুল মান্নান প্রমুখ বক্তব্য রাখেন।
তারা নিউজের জন্য প্রশাসনের পক্ষ থেকে সময়মত প্রয়োজনীয় ও বস্তুনিষ্ঠ তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানিয়ে বিজ্ঞাপনের সুষম বণ্টন দাবি করেন। এছাড়া ফোন করে তাৎক্ষণিকভাবে উত্তর না পাওয়ায় কেউ কেউ ক্ষোভ প্রকাশ করেন। এরপর বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলপুর থানার নতুন ওসি মোহাম্মদ ফিরোজ হোসেন। তিনি বলেন, মিথ্যা তথ্য ও গুজবের বিরুদ্ধে কিছু লিখবেন আপনাদের কাছে এটাই আমাদের প্রত্যাশা। তিনি আরও বলেন, এ ধরনের প্লেসে ব্যক্তিগত কোন রাগ গোস্বা না বলি। তিনি আরও বলেন, সাংবাদিক সমাজ একটি শক্তিশালী প্লাটফর্ম, বর্তমান সময়ের প্রেক্ষাপটে। তাদের আলাদা একটা শক্তি আছে। এটাকে দেশ ও সমাজের উন্নয়নে কাজে লাগাতে পারলে দেশ অনেক দূর এগিয়ে যাবে। ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখার দাবি জানিয়ে ওসি ফিরোজ হোসেন বলেন, গুজব, মিথ্যা তথ্য, অপতথ্য এগুলো আসবেই। আসলে আমরা কঠোরভাবে দমন করবো। দয়া করে আপনারা আমাদেরকে কাউন্টার দিবেন।
সহকারী কমিশনার (ভূমি) তার অভিজ্ঞতা শেয়ার করে ফুলপুর উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম উল্লেখ করে বলেন, কোন গরিব লোকও ওখানে তার সন্তানকে পড়তে দিবে না। পরিবেশ এতটাই খারাপ। তিনি আরও বলেন, আমাদের সহযোগিতা করবেন। ভুল থাকলে ধরবেন। কিন্তু সম্মান মর্যাদা সবাই চায়। ভুল ধরতে গিয়ে এমন কোন আচরণ করবেন না যে, আমাদের মন ভেঙে যায়। আপনারা লেখবেন। আপনাদের লেখা দেখেই আমরা কাজ করবো। সবশেষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও উপজেলা প্রশাসক মোহাম্মদ ইউসুফ বলেন, লাউডলি কথা বললে কথার মাধুর্য্যতা ঠিক থাকে না। সরকারি কাজে ব্যস্ত থাকায় কুরবানির ঈদে মা-বাবাকে সময় দিতে পারেননি উল্লেখ করে তিনি বলেন, এই যে আপনাদের সামনে বসে থাকাবস্থায় ৮টা কল আসছে। উর্ধতন কর্মকর্তাদেরও কল আসে। সবার কলেরই জওয়াব দিতে হয়। ব্যস্ততার কারণে তাৎক্ষণিক না দিতে পারলেও পরে জওয়াব দেওয়া হয়। আপনাদের মুখ থেকেই শুনলাম- ফুলপুরে সাংবাদিকদের এতবড় সমাবেশ খুব কমই হয়েছে। আপনারা আমার ডাকে সাড়া দিয়েছেন। দুয়েকজন ছাড়া অনেকেই এসেছেন। একসাথে বসলাম। অনেক বিষয়ে আলোচনা হলো। একসাথে বসলে অনেক কিছুর সমাধান হয়ে যায়। ভুল বুঝাবুঝির অবসান ঘটে। আমার ডাকে সবাই আন্তরিকতার সাথে সাড়া দেওয়ায় সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এসময় তিনি কারণে কেউ কোন কষ্ট পেয়ে থাকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখারও আহ্বান জানান।
সবশেষে Administration + Journalists Phulpur নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলার সিদ্ধান্ত দিয়ে আবারও আরও বড় আকারে সাংবাদিকদের নিয়ে বসার ও সরকারি কাজে সর্বোতভাবে সকলের সহযোগিতার আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করেন ইউএনও মোহাম্মদ ইউসুফ।
আপনার মতামত লিখুন :