রংপুরে কর্মরত সাংবাদিক মো. তাহমিদ আনোয়ার দিগন্তকে মুঠোফোনে প্রশাসনের ‘বড় কর্মকর্তা’ পরিচয় দিয়ে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) কোতোয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি। জিডি নম্বর-৪৮২।
জিডি সূত্রে জানা যায়, মঙ্গলবার (৭ জুলাই) রাত আনুমানিক ১১টার দিকে সাংবাদিক তাহমিদ আনোয়ার দিগন্ত কোতোয়ালী থানাধীন প্রেস ক্লাব সংলগ্ন সাংবাদিক ক্লাবে অবস্থান করছিলেন। এ সময় তাঁর ব্যবহৃত মোবাইল ফোনে একটি অপরিচিত নম্বর (০১৯১০৯১১৪৫৪) থেকে কল আসে। কলকারী নিজেকে প্রশাসনের এক ‘বড় কর্মকর্তা’ হিসেবে পরিচয় দেন। অভিযোগ অনুযায়ী, কথোপকথনের একপর্যায়ে কলকারী সাংবাদিক দিগন্তের ফুফাতো বোনের পারিবারিক বিষয় নিয়ে বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন করেন এবং বড় ধরনের ক্ষতি ও প্রাণনাশের হুমকি দেন। হুমকি দেওয়ার পরপরই তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন। পরে ওই নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।
জিডিতে সাংবাদিক দিগন্ত উল্লেখ করেন, তাঁর ধারণা, ফুফাতো বোন নুসরাত জাহান মন্টি ও তাঁর স্বামীর প্ররোচনায় কোনো অজ্ঞাত ব্যক্তি পরিকল্পিতভাবে এ হুমকি দিয়েছেন। ঘটনার পর থেকে তিনি ও তাঁর পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।
কোতোয়ালী থানা পুলিশ জানায়, অভিযোগটি সাধারণ ডায়েরি হিসেবে নথিভুক্ত করা হয়েছে।কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.কে.এম. নাজমুল কাদেরের নির্দেশনায় বিষয়টি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে এসআই (নিরস্ত্র) মো. সাদ্দাম হোসেনকে।
পুলিশ জানিয়েছে, প্রযুক্তিগত সহায়তায় হুমকিদাতার পরিচয় শনাক্ত এবং ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে তদন্ত চলছে। অভিযোগের সত্যতা যাচাই শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আপনার মতামত লিখুন :