কল্যাণমুখী ব্যাংকিংয়ের অগ্রযাত্রায় গড়ি আগামীর বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ১-৩১ জুলাই ২০২৬ গ্রাহক সেবা মাস উপলক্ষে কেশবপুর শাখার উদ্যোগে প্রবাসী গ্রাহকদের বাংলাদেশের অভিভাবকদের নিয়ে এক গ্রাহক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার (৮ জুলাই) ।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি কেশবপুর শাখার অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (এভিপি) সেলিম চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেশবপুর নিউজ ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ হারুনার রশীদ বুলবুল। বিশেষ অতিথি ছিলেন শাখার ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (এফএভিপি) আব্দুল ওয়াদুদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মোঃ হেলাল উদ্দিন।
সভায় প্রবাসী গ্রাহকদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে সভাপতি সেলিম চৌধুরী ব্যাংকের বিভিন্ন গ্রাহকবান্ধব সেবা, আধুনিক ব্যাংকিং কার্যক্রম এবং বৈধ ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠানোর গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, প্রবাসীদের কষ্টার্জিত অর্থ অবশ্যই বৈধ ব্যাংকিং চ্যানেলে দেশে পাঠাতে হবে। এতে পরিবার যেমন নিরাপদে অর্থ পাবে, তেমনি দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে। ইসলামী ব্যাংক সর্বোচ্চ নিরাপত্তা, দ্রুততা ও নির্ভরযোগ্যতার সঙ্গে রেমিট্যান্স সেবা প্রদান করে আসছে।
তিনি আরও জানান, যেসব গ্রাহক ১-৩০ জুন ২০২৬ পর্যন্ত MTDRA, MSB, MMPDS এবং MSSA হিসাব প্রি-ম্যাচিউর অবস্থায় বন্ধ বা নগদায়ন করে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তারা ৩১ জুলাই ২০২৬-এর মধ্যে সংশ্লিষ্ট হিসাব পুনরায় চালু করলে ব্যাংক সকল প্রকার চার্জ ও খরচ মওকুফ করে হিসাবগুলোকে চলমান হিসাব হিসেবে গণ্য করবে। এ বিষয়ে আগ্রহী গ্রাহকদের নিজ নিজ শাখায় যোগাযোগ করার আহ্বান জানান তিনি।
প্রধান অতিথি কেশবপুর নিউজ ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ হারুনার রশীদ বুলবুল বলেন, বর্তমান সময়ে বৈধ পথে রেমিট্যান্স প্রেরণ শুধু একটি ব্যক্তিগত আর্থিক সিদ্ধান্ত নয়, এটি দেশের অর্থনীতিকে শক্তিশালী করারও একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির এ ধরনের সচেতনতামূলক উদ্যোগ প্রবাসী পরিবারের মধ্যে আস্থা ও সচেতনতা বৃদ্ধি করবে। গ্রাহকদের মতামতকে গুরুত্ব দিয়ে সেবার মান আরও উন্নত করার উদ্যোগ অবশ্যই প্রশংসনীয়।
বিশেষ অতিথি আব্দুল ওয়াদুদ গ্রাহকদের উদ্দেশে বলেন, ব্যাংকের সকল সেবা ও সুবিধা সম্পর্কে নিয়মিত তথ্য জানার পাশাপাশি যে কোনো প্রয়োজনে সরাসরি শাখার সঙ্গে যোগাযোগ করার মাধ্যমে সর্বোত্তম সেবা গ্রহণের আহ্বান জানান।মতবিনিময় সভায় উপস্থিত গ্রাহকদের অভিভাবকরা বিভিন্ন পরামর্শ ও মতামত তুলে ধরেন। সভাপতি সেলিম চৌধুরী গ্রাহকদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং গঠনমূলক পরামর্শগুলো ভবিষ্যতে বাস্তবায়নের আশ্বাস প্রদান করেন।গ্রাহক সেবা মাস উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে ব্যাংকের কর্মকর্তা, প্রবাসী গ্রাহকদের পরিবারের সদস্য এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :