সংগঠনবিরোধী কর্মকাণ্ড, সদস্যদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, ভয়ভীতি ও হুমকি প্রদর্শন এবং সংগঠনের গঠনতন্ত্র লঙ্ঘনের একাধিক অভিযোগের পরিপ্রেক্ষিতে নীলফামারী জলঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক হারুন অর রশীদকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে সংগঠনের কার্যক্রম সচল রাখতে পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত জসিনুর রহমানকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব প্রদান করা হয়েছে।
জানা গেছে, মঙ্গলবার ৭ জুলাই ২০২৬ সংগঠনের সদস্যরা নীলফামারী রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর একটি লিখিত অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগপত্রে তারা উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে সাধারণ সম্পাদক হারুন অর রশীদ সংগঠনের শৃঙ্খলা ও ঐক্য নষ্ট করে সংগঠন বিরোধী বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত রয়েছেন। এছাড়া সদস্যদের সঙ্গে অশালীন ভাষায় গালিগালাজ, ভয়ভীতি প্রদর্শন এবং হুমকি দেওয়ার অভিযোগও তোলা হয়। অভিযোগে আরও বলা হয়, এসব বিষয়ে সংগঠনের মাসিক সভায় একাধিক বার তাকে সতর্ক করা হলেও তিনি তার আচরণে কোনো পরিবর্তন আনেন নি।
বরং পূর্বের মতোই বিতর্কিত কর্মকাণ্ড চালিয়ে গেছেন। লিখিত অভিযোগে আরও উল্লেখ করা হয়, ২০২৬–২০২৭ অর্থবছরের জন্য জলঢাকা রিপোর্টার্স ইউনিটির নামে বরাদ্দকৃত জিয়ারের ১ টন চালের বিষয়ে সংগঠনের সদস্যদের অবহিত না করে এবং সংগঠনের সিদ্ধান্ত উপেক্ষা করে তিনি নিজের ইচ্ছা মতো একটি কথিত কমিটি গঠন করে প্রকল্পটি উপজেলা পিআইও অফিসে জমা দেন। সদস্যদের দাবি, এ ধরনের পদক্ষেপ সংগঠনের গঠনতন্ত্র ও নিয়ম-নীতির পরিপন্থী। এ অবস্থায় সংগঠনের সদস্যরা হারুন অর রশীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ এবং তাকে সাধারণ সম্পাদকের পদ থেকে বহিষ্কারের আবেদন জানান। সদস্যদের লিখিত অভিযোগ, সর্বসম্মত সিদ্ধান্ত ও গৃহীত রেজুলেশনের আলোকে ৮ জুলাই নীলফামারী জেলা রিপোর্টার্স ইউনিটি (এনডিআরইউ)
একটি অনুমোদন পত্র জারি করে। অনুমোদন পত্রে বলা হয়, সংগঠনের স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখার স্বার্থে হারুন অর রশীদকে জলঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদকের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই আদেশে পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত জসিনুর রহমানকে জলঢাকা রিপোর্টার্স ইউনিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।
পাশাপাশি এ বিষয়ে সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী প্রয়োজনীয় পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছেন জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও সাধারণ সম্পাদক। এ ঘটনায় সাংবাদিক মহলে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সংগঠনের সদস্যরা আশা প্রকাশ করেছেন, নতুন দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বের মাধ্যমে জলঢাকা রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল, স্বচ্ছ ও জবাবদিহি মূলক হবে।
আপনার মতামত লিখুন :