সাজেকে আটকে পড়া পর্যটকদের যেভাবে উদ্ধার করল সেনাবাহিনী

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ০৯ জুলাই, ২০২৬, ১০:১৬ পিএম

টানা বৃষ্টিপাত ও প্রতিকূল আবহাওয়ার কারণে সাজেক ভ্যালিতে আটকে পড়া শত শত পর্যটককে নিরাপদে উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে সেনাবাহিনীর সদস্যরা দ্রুত উদ্ধার কার্যক্রম শুরু করে প্রথম ধাপে প্রায় দেড় শতাধিক পর্যটককে নিরাপদে গন্তব্যে পৌঁছে দেন।

সেনাবাহিনী জানায়, কয়েক দিনের অবিরাম বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে সাজেক থেকে বাঘাইহাট পর্যন্ত বিভিন্ন এলাকার সড়ক পানিতে তলিয়ে যায়। মাসালং বাজার, সীমানাছড়া ও বাঘাইহাট বাজারসহ বেশ কয়েকটি স্থানে সড়ক যোগাযোগ ব্যাহত হয়। পাশাপাশি পাহাড়ধসের আশঙ্কা তৈরি হওয়ায় সাজেকের সঙ্গে বাইরের যোগাযোগ কঠিন হয়ে পড়ে। এ পরিস্থিতিতে প্রায় পাঁচ শতাধিক পর্যটক সাজেকে আটকা পড়েন।

পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের খাগড়াছড়ি রিজিয়নের ২০৩ পদাতিক ব্রিগেডের তত্ত্বাবধানে বাঘাইহাট জোন দ্রুত উদ্ধার কার্যক্রম শুরু করে। সেনাবাহিনীর সদস্যরা ঝুঁকিপূর্ণ সড়ক ও প্রতিকূল পরিবেশ মোকাবিলা করে আটকে পড়া পর্যটকদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার উদ্যোগ নেন।

উদ্ধার কার্যক্রমের অংশ হিসেবে ৮ জুলাই থেকে সাজেক ভ্যালিতে আটকে থাকা পর্যটকদের জন্য বিভিন্ন আবাসিক স্থানে বিনামূল্যে থাকার ব্যবস্থা করা হয়। একই সঙ্গে তাদের জন্য প্রয়োজনীয় খাবার, চিকিৎসা সহায়তা ও অন্যান্য জরুরি সেবার ব্যবস্থা করা হয়।

পরবর্তীতে ৯ জুলাই প্রথম ধাপে প্রায় ১৫০ জন পর্যটককে সেনাবাহিনীর সমন্বিত প্রচেষ্টা ও স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় নিরাপদে উদ্ধার করা হয়। পরে তাদের নিজ নিজ গন্তব্যে পৌঁছে দেওয়া হয়। পর্যায়ক্রমে সাজেকে আটকে থাকা অন্য পর্যটকদেরও নিরাপদে সরিয়ে নেওয়ার কাজ চলবে বলে জানিয়েছে সেনাবাহিনী।

উদ্ধার হওয়া পর্যটকরা জানান, দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে সেনাবাহিনীর সদস্যরা যেভাবে পাশে দাঁড়িয়েছেন, তা অত্যন্ত প্রশংসনীয়। তাদের আন্তরিক সহযোগিতা ও নিরলস প্রচেষ্টার কারণে তারা নিরাপদে ফিরে যেতে পেরেছেন।

বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি যেকোনো দুর্যোগ ও সংকটময় পরিস্থিতিতে জনগণের পাশে থেকে মানবিক সহায়তা প্রদান এবং নিরাপত্তা নিশ্চিত করতে তারা ভবিষ্যতেও নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাবে।

Link copied!