কক্সবাজারের মাতামুহুরী উপজেলার নোয়াপাড়ায় বসতভিটার চলাচলের পথ নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে ভাতিজার ছুরিকাঘাতে আহত চাচা মোহাম্মদ হাসেমের (৩৮) মৃত্যু হয়েছে। তিনি ওই এলাকার প্রয়াত ইউসুফ আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার দুপুরে পূর্ব বড় ভেওলা ইউনিয়নের নোয়াপাড়ায় চলাচলের পথ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাধে। এতে চাচা হাসেম ও তাঁর বড় ভাইয়ের ছেলেদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে এবং উভয় পক্ষের কয়েকজন আহত হন।
সংঘর্ষ চলাকালে বড় ভাইয়ের দুই ছেলে সোহেল ও রাসেল মিলে হাসেমের ওপর হামলা চালায়। একপর্যায়ে তাঁদের একজন ধারালো ছুরি দিয়ে হাসেমের পেটে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। আঘাতের তীব্রতায় তাঁর নাড়িভুঁড়ি বের হয়ে আসে।
স্থানীয়রা তাঁকে প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুরে তাঁর মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মাতামুহুরী পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাসুদ বলেন, বসতভিটার চলাচলের পথ নিয়ে চাচা ও ভাতিজাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সেই বিরোধের জেরেই সংঘর্ষের সময় হাসেম ছুরিকাঘাতে আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে।
তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। অভিযোগ পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :