নালার স্রোতে ভেসে প্রাণ গেল তিন বছরের মোস্তাকিমের

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ০৯ জুলাই, ২০২৬, ১০:১৯ পিএম

 
 

চট্টগ্রামের রাউজানে টানা বৃষ্টিতে সৃষ্ট নালার প্রবল স্রোতে ভেসে গিয়ে মোহাম্মদ মোস্তাকিম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৮ জুলাই) সন্ধ্যায় উপজেলার ডাবুয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত মোস্তাকিম ওই এলাকার বাসিন্দা মোহাম্মদ পারভেজের ছেলে।

স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যরা জানান, বুধবার সন্ধ্যার দিকে মোস্তাকিম তার দাদা আনোয়ার হোসেনের পেছনে পেছনে পাশের একটি দোকানে যাচ্ছিল। পথে সড়কের পাশে থাকা পানি নিষ্কাশনের নালার কাছে পৌঁছালে কয়েক দিনের টানা বৃষ্টিতে সৃষ্ট তীব্র পানির স্রোতে পড়ে যায় সে। মুহূর্তের মধ্যেই শিশুটি স্রোতে ভেসে কিছুটা দূরে চলে যায়।

পরে স্থানীয় এক সিএনজি অটোরিকশাচালক শিশুটিকে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করেন। তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ডাবুয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইয়াছমিন আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মোস্তাকিম তার দাদার সঙ্গে দোকানে যাওয়ার সময় নালার প্রবল স্রোতে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, গত কয়েক দিনের টানা বর্ষণে রাউজানসহ চট্টগ্রামের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। নালা ও খালগুলোতে পানির প্রবাহ বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের চলাচলে ঝুঁকি তৈরি হয়েছে। বিশেষ করে শিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।

Link copied!