টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১০১ পিস ইয়াবা ট্যাবলেটসহ স্বপন সাহা (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), জেলা কার্যালয়, টাঙ্গাইল।
বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে কালিহাতী থানার থানাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক স্বপন সাহা উপজেলার খিলদা গ্রামের মৃত কানাই লাল সাহার ছেলে। তিনি বর্তমানে থানাপাড়া এলাকায় হালিম দারোগার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আহসানুল কবির বুলবুলের সার্বিক তত্ত্বাবধানে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে ১২টা ৩০ মিনিট পর্যন্ত থানাপাড়া এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানটির নেতৃত্ব দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মোহাম্মদ রাশিদুল ইসলাম। অভিযানের একপর্যায়ে থানাপাড়া এলাকার হালিম দারোগার বাড়ির ভাড়াটিয়া স্বপন সাহার বসতঘর ও দেহ তল্লাশি করা হয়। এ সময় তার পরিহিত লুঙ্গির ডান পাশের কোঁচরে পলিথিনে মোড়ানো অবস্থায় ১০১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং তাকে হাতেনাতে আটক করা হয়।
এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মোহাম্মদ রাশিদুল ইসলাম বাদী হয়ে কালিহাতী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। মাদকের বিরুদ্ধে এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে ডিএনসি সূত্রে জানা গেছে।
আপনার মতামত লিখুন :