ভারী বর্ষণে গাজীপুর মহানগরীর প্রায় সব ওয়ার্ডে ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। কোথাও হাঁটুসমান, আবার কোথাও কোমরসমান পানিতে তলিয়ে গেছে সড়ক, অলিগলি ও আবাসিক এলাকা। এতে হাজারো পরিবার পানিবন্দি হয়ে চরম দুর্ভোগে পড়েছে। অনেক স্থানে যান চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি স্বাভাবিক জীবনযাত্রাও বিপর্যস্ত হয়ে পড়েছে।
স্থানীয় অন্তত ১০ জন বাসিন্দা জানান, মহানগরের বিদ্যমান ড্রেনেজ ব্যবস্থা বৃষ্টির পানি দ্রুত অপসারণে সক্ষম নয়। আবার অনেক এলাকায় প্রয়োজনীয় ড্রেনেজ ব্যবস্থাই নেই। ফলে সামান্য ভারী বৃষ্টিতেই পানি জমে দীর্ঘ সময় স্থায়ী হচ্ছে এবং জনদুর্ভোগ বাড়ছে।
ভুক্তভোগীদের অভিযোগ, প্রতিবছর বর্ষা মৌসুমে একই চিত্রের পুনরাবৃত্তি ঘটলেও স্থায়ী সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে না। তাদের মতে, গাজীপুর সিটি কর্পোরেশন যদি পরিকল্পিতভাবে খাল, ড্রেন ও পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে দীর্ঘমেয়াদি পদক্ষেপ না নেয়, তাহলে ভবিষ্যতে জলাবদ্ধতা আরও ভয়াবহ রূপ নেবে।
এ বিষয়ে গাছা থানা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক ও ৩৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সজিব আহম্মেদ শাহীন বলেন, "ইউনিক ওয়াশিং ও রূপা গার্মেন্টস খালের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করায় পানি স্বাভাবিকভাবে প্রবাহিত হতে পারছে না। এ কারণেই এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।"
তিনি আরও বলেন, "জলাবদ্ধতায় আটকে পড়া মানুষের জন্য আমার ব্যক্তিগত উদ্যোগে খিচুড়ি বিতরণের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি জনদুর্ভোগ কমাতে আমার কর্মীরা বিভিন্ন এলাকায় কাজ করছেন। তবে খাল দখলের অভিযোগের বিষয়ে ইউনিক ওয়াশিং, রূপা গার্মেন্টস কিংবা গাজীপুর সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য পাওয়া যায়নি।

আপনার মতামত লিখুন :