কুখ্যাত সন্ত্রাসী শহীদ মন্ডলের বিচার ও গ্রেপ্তারের দাবিতে গাছায় সংবাদ সম্মেলন

শরীফ ওমর টুটুল , গাজীপুর মহানগর প্রতিনিধি

প্রকাশিত: ১২ জুলাই, ২০২৬, ০৫:০২ পিএম

কুখ্যাত সন্ত্রাসী শহীদ মন্ডলের বিচার ও গ্রেপ্তারের দাবিতে গাছায় সংবাদ সম্মেলন

গাজীপুর মহানগরীর গাছা থানার ৩৫ নম্বর ওয়ার্ড এলাকার কথিত কুখ্যাত সন্ত্রাসী, মাদক সম্রাট এবং শ্রমিক লীগের সাবেক নেতা শহীদ মন্ডলের বিচার ও গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন এনসিপির অঙ্গসংগঠন জাতীয় যুবশক্তি গাজীপুর মহানগরের মুখ্য সংগঠক শাকিবুল ইসলাম (শাকিল সরদার)।

শনিবার রাত ১১টায় বাদে-কলমেশ্বর এলাকায় নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গত ২২ জুন এলাকায় মাদকের বিরুদ্ধে প্রতিবাদ ও মিছিলের প্রস্তুতি নিলে তাকে আপসের প্রস্তাব দেওয়া হয়। তিনি তা প্রত্যাখ্যান করলে ২৪ জুন ২০ থেকে ৩০ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে তার বাড়িতে হামলা চালায়। খবর পেয়ে গাছা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে হাতেনাতে দুজনকে আটক করে বলে দাবি করেন তিনি।

শাকিল সরদার বলেন, ওই ঘটনার পর মামলা তুলে নিতে তাকে বিভিন্নভাবে চাপ ও হুমকি দেওয়া হয়। এরপর ২৮ জুন আবারও মাদকবিরোধী মিছিল করলে ১১ জুলাই রাতে পুনরায় তার বাড়িতে হামলা চালানো হয়। হামলাকারীরা দরজা-জানালা ও আসবাবপত্র ভাঙচুর করে এবং তার তিন সহযোগী—শফিকুল ইসলাম, রিয়াদ আহমেদ ও সায়েমকে কুপিয়ে আহত করে। আহতদের মধ্যে দুজনের মাথায় এবং একজনের পায়ে ধারালো অস্ত্রের আঘাত লাগে বলে দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনে শাকিল সরদার অভিযোগ করেন, গাছা থানা শ্রমিক লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি শহীদ মন্ডলের বিরুদ্ধে মাদক ও সন্ত্রাসসহ ২২টি মামলা চলমান রয়েছে। এছাড়া ২০১৯ সালের ২৩ মার্চ জাতীয় দৈনিক কালের কণ্ঠ-এ 'গাছার মূর্তিমান আতঙ্ক শহীদ' এবং একই বছরের ১৮ জুন জাতীয় দৈনিক প্রতিদিনের কাগজ-এ 'গাছার মূর্তিমান আতঙ্ক শহীদ মন্ডলের অপকর্ম দিন দিন বেড়েই চলছে' শিরোনামে অপরাধের প্রতিবেদন প্রকাশিত হয়েছিল বলেও তিনি উল্লেখ করেন।

একই সঙ্গে জসিম মন্ডল, ফারুক হোসেন এবং গাছা থানা শ্রমিক লীগের সভাপতি মোজাম্মেল হোসেনের বিরুদ্ধেও মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ তোলেন তিনি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এ ঘটনায় জাতীয় যুবশক্তি গাজীপুর মহানগরের আহ্বায়ক তরিকুল ইসলাম তারেক বাদী হয়ে শহীদ মন্ডলকে এক নম্বর আসামি করে ২৬ জনের বিরুদ্ধে একটি এজাহার দায়ের করেছেন।

তরিকুল ইসলাম তারেক বলেন, "মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় শাকিল সরদারের ওপর চারবার হামলা হয়েছে। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করা না হলে গাছাবাসীকে সঙ্গে নিয়ে থানা ঘেরাও কর্মসূচি পালন করা হবে।"

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর এনসিপির সদস্য সচিব ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাজীপুর জেলা ও মহানগরের সাবেক আহ্বায়ক আব্দুল্লাহ আল মুহিতসহ জাতীয় যুবশক্তির নেতাকর্মীরা।

সিয়াম সরিষা
Link copied!