গাজীপুর মহানগরীর টঙ্গীর তুরাগ নদীর তীরসংলগ্ন হাজী মাজার বস্তিতে মাদকবিরোধী যৌথ অভিযান চালিয়ে ২০ জনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের থানায় নেওয়ার সময় একদল লোক বাধা দেওয়ার চেষ্টা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ চারটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।
রোববার (১২ জুলাই) রাত ৮টার দিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি) ও টঙ্গী পশ্চিম থানা পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। অভিযানে বিপুলসংখ্যক পুলিশ সদস্য অংশ নেন।
পুলিশ জানায়, মাদক সেবনের অভিযোগে ২০ জনকে আটক করা হয়। পরে তাঁদের থানায় নেওয়ার সময় বস্তির বিপুলসংখ্যক লোকজন আটক ব্যক্তিদের ঘিরে ফেলে। এ সময় নিরাপত্তার স্বার্থে পুলিশ পরপর চারটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে জনতাকে ছত্রভঙ্গ করে। গ্রেনেড বিস্ফোরণের শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। মাজার বস্তি ও আশপাশের অনেক ব্যবসায়ী দোকানপাট বন্ধ করে চলে যান।
টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুর রহমান বলেন, জিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) মো. বেলায়েত হোসেনের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। আটক ব্যক্তিদের নিয়ে যাওয়ার সময় অতিরিক্ত জনসমাগম হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
জিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) মো. বেলায়েত হোসেন বলেন, জিএমপি কমিশনারের নির্দেশনায় মহানগরজুড়ে মাদকবিরোধী অভিযান চলছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন :