এসপি নেতৃত্বে চাঁদপুরে ট্রাফিক অভিযান ২৪ ঘণ্টায় ৩০৭ অবৈধ যানবাহন আটক

আলম চৌধুরী , সিনিয়র রিপোর্টার

প্রকাশিত: ১৫ জুলাই, ২০২৬, ১১:৫৬ এএম

এসপি নেতৃত্বে চাঁদপুরে ট্রাফিক অভিযান ২৪ ঘণ্টায় ৩০৭ অবৈধ যানবাহন আটক

ফাইল ফটো

চাঁদপুরে সড়ক শৃঙ্খলা প্রতিষ্ঠা, যানজট নিরসন এবং অবৈধ যানবাহনের চলাচল নিয়ন্ত্রণে জেলা পুলিশের উদ্যোগে বিশেষ ট্রাফিক অভিযান পরিচালিত হয়েছে। চাঁদপুর জেলার পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের প্রত্যক্ষ নেতৃত্ব ও তদারকিতে পরিচালিত এ অভিযানে গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন স্থান থেকে মোট ৩০৭টি অবৈধ যানবাহন আটক করা হয়েছে।

বুধবার ১৫ জুলাই ২০২৬ দিনব্যাপী পরিচালিত এ অভিযানে পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান নিজেই শহরের গুরুত্বপূর্ণ বাবুরহাট বাজার মোড়ে উপস্থিত থেকে ট্রাফিক ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেন এবং অভিযান পরিচালনা করেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব নাদিরা নূর।

একই সময়ে জেলার আরেকটি গুরুত্বপূর্ণ এলাকা পালের বাজার মোড়ে বিশেষ অভিযান পরিচালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোঃ লুৎফর রহমান। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ খায়রুল কবীর।

জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘদিন ধরে অবৈধ যানবাহনের বেপরোয়া চলাচল, যানজট এবং ট্রাফিক আইন অমান্যের কারণে জনদুর্ভোগ বৃদ্ধি পাচ্ছিল। এ পরিস্থিতি মোকাবিলায় পুলিশ সুপারের নির্দেশনায় জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে একযোগে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ট্রাফিক আইন লঙ্ঘনকারী এবং প্রয়োজনীয় কাগজপত্রবিহীন যানবাহন শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।

অভিযান চলাকালে চালক ও সাধারণ জনগণের মধ্যে ট্রাফিক আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন পরামর্শ ও নির্দেশনা প্রদান করা হয়। পুলিশ কর্মকর্তারা চালকদের বৈধ কাগজপত্র সঙ্গে রাখা, নির্ধারিত গতিসীমা মেনে চলা, হেলমেট ব্যবহার নিশ্চিত করা এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান।

এ সময় টিআই (এডমিন), শহর ও যানবাহন শাখা, চাঁদপুর, চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) চাঁদপুরের অফিসার ইনচার্জসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

চাঁদপুর জেলা পুলিশ জানিয়েছে, জনসাধারণের নিরাপদ চলাচল নিশ্চিত করা এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ভবিষ্যতেও এ ধরনের বিশেষ ট্রাফিক অভিযান ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে। জেলার আইনশৃঙ্খলা রক্ষা ও যানবাহন চলাচলে শৃঙ্খলা প্রতিষ্ঠায় জেলা পুলিশের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

সিয়াম সরিষা
Link copied!