কক্সবাজারের রামুতে একটি প্রাইভেট কারে 'স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার' লাগিয়ে ইয়াবা পাচারকালে ছয় হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বুধবার সকাল ১০টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের রাবার বাগান এলাকায় এ অভিযান চালানো হয় বলে জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের উপপরিচালক সোমেন মন্ডল।
আটককৃতরা হলেন – কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার শালুকিয়া এলাকার আব্দুল গফুরের ছেলে সাব্বির হোসেন (৩৬), নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার পশ্চিম নাউ এলাকার মৃত শহীদুল ইসলাম সবুজের মেয়ে সীমা ইসলাম (২২) ও ঢাকার দারুসসালাম থানার দক্ষিণ বিশিল এলাকার শাকিল মৃধার স্ত্রী উর্মি আক্তার ঊষা (১৮)।
সোমেন মন্ডল জানান, বুধবার সকালে কক্সবাজার শহর থেকে ব্যক্তিগত গাড়িযোগে সংঘবদ্ধ চক্রের কতিপয় লোক মাদক চালান নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার খবর পায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সংশ্লিষ্টরা। এতে রামুর রাবার বাগান এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল অবস্থান নিয়ে চট্টগ্রামমুখী যানবাহনের প্রতি নজরদারি শুরু করে।
এক পর্যায়ে কক্সবাজার দিক থেকে আসা একটি প্রাইভেট কার সেখানে পৌঁছালে থামার চেষ্টা করা হয়। কিন্তু গাড়িটির চালক নির্দেশনা অমান্য করে দ্রুত চালিয়ে যাওয়ার চেষ্টা চালায়। এসময় ধাওয়া দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো গাড়িটি জব্দ করতে সক্ষম হয়।
পরে চালকসহ গাড়িতে থাকা দুই নারীকে জিজ্ঞাসাবাদ করা হলে তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মরত কয়েকজনের পরিচয় দেন। এব্যাপারে খোঁজ নিলে পরিচয়ের সত্যতা পাওয়া যায়নি। এসময় গাড়িটি তল্লাশি চালিয়ে ড্যাশবোর্ডের ভিতরে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ৬ হাজার ইয়াবা পাওয়া যায়।
আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে রামু থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এ কর্মকর্তা।

আপনার মতামত লিখুন :