গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে কয়েকদিন ধরে ভাসতে থাকা একটি ফিশিং বোটসহ ১৯ জন জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। বুধবার (১৫ জুলাই) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৮ জুলাই এফবি মা-২ নামের একটি ফিশিং বোট ১৯ জন জেলেকে নিয়ে হাতিয়া থেকে মাছ ধরার উদ্দেশ্যে গভীর সমুদ্রে যায়। ১৩ জুলাই বোটটির ইঞ্জিন বিকল হয়ে গেলে সেটি সাগরে ভাসতে থাকে। দীর্ঘ সময় মোবাইল নেটওয়ার্কের বাইরে থাকায় জেলেরা কারও সঙ্গে যোগাযোগ করতে পারেননি।
পরে বুধবার (১৫ জুলাই) সকাল ১০টার দিকে বোটটি মোবাইল নেটওয়ার্কের আওতায় এলে একজন জেলে কোস্ট গার্ডকে বিষয়টি জানান। খবর পেয়ে কোস্ট গার্ড স্টেশন ভাসানচর এবং অপারেশন ‘সুরক্ষা’-এ নিয়োজিত জাহাজ বিসিজিএস কুতুবদিয়া যৌথভাবে উদ্ধার অভিযান পরিচালনা করে। চট্টগ্রামের নরম্যান্স পয়েন্টের পশ্চিমে গভীর সমুদ্র এলাকা থেকে বিকল ফিশিং বোটসহ ১৯ জন জেলেকে জীবিত উদ্ধার করা হয়।
উদ্ধারের পর জেলেদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাবার সরবরাহ করা হয়। পাশাপাশি ফিশিং বোটসহ তাদের মালিকপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। কোস্ট গার্ড জানিয়েছে, সমুদ্রে জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনো জরুরি পরিস্থিতিতে উদ্ধার অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন :