কালিহাতীতে পথচারীকে বাঁচাতে গিয়ে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ১

মনির হোসেন , কালিহাতী(টাঙ্গাইল) সংবাদদাতা

প্রকাশিত: ১৬ জুলাই, ২০২৬, ০২:৪৫ পিএম

কালিহাতীতে পথচারীকে বাঁচাতে গিয়ে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ১

টাঙ্গাইলের কালিহাতীতে পথচারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় আল-আমিন (১৮) নামে এক তরুণ নিহত হয়েছেন। এই ঘটনায় মোটরসাইকেল আরোহী ও পথচারীসহ আরও দুজন গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে কালিহাতী পৌর এলাকার কামার্থী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আল-আমিন উপজেলার বল্লা বেহালাবাড়ী হাসপাতাল পাড়া গ্রামের আরিফের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বল্লা এলাকা থেকে তিন আরোহীসহ একটি মোটরসাইকেল কালিহাতীর দিকে যাচ্ছিল। মোটরসাইকেলটি কামার্থী বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে সাদেক আলী (৬৫) নামে এক বৃদ্ধ পথচারী রাস্তা পার হচ্ছিলেন। তাকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেলের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং গাড়িটি সড়কের পাশে একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়।

এতে মোটরসাইকেল চালক আল-আমিন, আরোহী সোহাগ (১৬) ও পথচারী সাদেক আলী গুরুতর আহত হন। পরে স্থানীয় বাসিন্দারা দ্রুত তাদের উদ্ধার করে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আল-আমিনকে মৃত ঘোষণা করেন।

আহতদের মধ্যে সোহাগ বর্তমানে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তবে পথচারী সাদেক আলীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

কালিহাতী থানার ওসি (তদন্ত) আব্দুস ছালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সিয়াম সরিষা
Link copied!