লক্ষ্মীপুর সদর উপজেলা প্রকৌশলী কার্যালয়ে উন্নয়ন প্রকল্পের বিল ছাড় করতে কমিশন দাবির অভিযোগ উঠেছে। অভিযোগের পর স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি) বিষয়টি তদন্তে কমিটি গঠন করেছে।
গত বুধবার (১৫ জুলাই) এলজিইডির প্রধান প্রকৌশলীর পক্ষে তত্ত্বাবধায়ক প্রকৌশলী (প্রশাসন) স্বাক্ষরিত এক আদেশে তদন্ত কমিটি গঠন করা হয়। এতে নোয়াখালী অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ এস এম মহসীনকে তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তাকে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
অভিযোগ রয়েছে, লক্ষ্মীপুর সদর উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বিল অনুমোদনের ক্ষেত্রে ৫ শতাংশ কমিশন দাবি করা হতো। একটি ঠিকাদারি প্রতিষ্ঠান অভিযোগ করেছে, ২০২২-২৩ অর্থবছরের একটি প্যাকেজের আওতায় মসজিদের ফ্লোর টাইলস, পুকুর ঘাটলা ও সড়ক নির্মাণের কাজ সম্পন্ন করলেও চূড়ান্ত বিল আটকে রাখা হয়েছে।
ঠিকাদারি প্রতিষ্ঠানের দাবি, ইউএনওর নির্দেশ থাকার পরও উপজেলা প্রকৌশলী মো. ইকবাল হোসেন বিল ছাড় করেননি। এতে তাদের অতিরিক্ত খরচ ও হয়রানির শিকার হতে হয়েছে।
এ ছাড়া প্রকৌশলীর বিরুদ্ধে নিজ জেলায় দায়িত্ব পালন, একাধিক উপজেলার অতিরিক্ত দায়িত্ব নেওয়া এবং অধীনস্থ কর্মীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগও রয়েছে। তবে প্রকৌশলী ইকবাল হোসেন এর আগে এসব অভিযোগ অস্বীকার করেছেন।
তদন্ত কর্মকর্তা এ এস এম মহসীন জানান, অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে যাচাই করা হবে। সরেজমিন তদন্ত শেষে নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দেওয়া হবে।
ভুক্তভোগী ঠিকাদাররা আশা করছেন, তদন্তের মাধ্যমে অভিযোগের সত্যতা বেরিয়ে আসবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন :