সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি নরসিংদীর সাবেক পুলিশ সুপার ও বর্তমানে বরিশাল মেট্রোপলিটন পুলিশে কর্মরত পুলিশ সুপার মোঃ আব্দুল হান্নানকে নিয়ে বিভিন্ন ভুয়া, মানহানিকর ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দেওয়া হচ্ছে। এসব তথ্যের সত্যতা নিয়ে প্রশ্ন উঠেছে এবং সংশ্লিষ্ট মহল এগুলোকে পরিকল্পিত অপপ্রচার বলে দাবি করছে।
নরসিংদী জেলা পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালনকালে আইনশৃঙ্খলা রক্ষা, মাদকবিরোধী অভিযান এবং অপরাধ দমনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বিশেষ করে মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কারণে তিনি পরিচিত ছিলেন। পরবর্তীতে তাকে বদলি করা হয় এবং বর্তমানে তিনি বরিশাল মেট্রোপলিটন পুলিশে পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছেন।
অভিযোগ রয়েছে, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে লক্ষ্য করে ভিত্তিহীন ও মানহানিকর প্রচারণা চালিয়ে যাচ্ছে। সংশ্লিষ্টদের দাবি, এসব অপপ্রচারের পক্ষে নির্ভরযোগ্য কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি।
বিশেষজ্ঞদের মতে, কোনো সরকারি কর্মকর্তা বা ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ থাকলে তা যথাযথ তথ্য-প্রমাণসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করা উচিত। সামাজিক যোগাযোগমাধ্যমে যাচাই-বাছাই ছাড়া ভুয়া বা বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দেওয়া ব্যক্তি, প্রতিষ্ঠান ও রাষ্ট্রীয় সংস্থার ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পারে।
শুধু মোঃ পুলিশ সুপার আব্দুল হান্নান নন, সাম্প্রতিক সময়ে আরও অনেক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধেও একই ধরনের অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। এ ধরনের ভিত্তিহীন প্রচারণা অব্যাহত থাকলে দায়িত্বশীল কর্মকর্তাদের কর্মোদ্যম ও মনোবলে নেতিবাচক প্রভাব পড়তে পারে। তাই তথ্য যাচাই করে দায়িত্বশীল আচরণ এবং অপপ্রচার রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আপনার মতামত লিখুন :