ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ৫ নম্বর রামপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক (সেক্রেটারি) মো. শাহজাহান মুরাদ রাজনীতি থেকে সম্পূর্ণ অব্যাহতি ও অবসর গ্রহণের ঘোষণা দিয়েছেন। গত ১৫ জুলাই ২০২৬ তারিখে এক লিখিত ঘোষণাপত্রের মাধ্যমে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।
শাহজাহান মুরাদ ত্রিশাল উপজেলার দরিল্যা গ্রামের মো. আবুল কাশেমের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ৫ নম্বর রামপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছিলেন।
লিখিত ঘোষণাপত্রে তিনি উল্লেখ করেন, শারীরিক অসুস্থতার কারণে তাঁর পক্ষে রাজনৈতিক কার্যক্রমে সক্রিয় থাকা সম্ভব হচ্ছে না। এ কারণে তিনি স্বজ্ঞানে, স্বেচ্ছায় এবং সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্তে ১৫ জুলাই ২০২৬ থেকে দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের পদসহ রাজনৈতিক কর্মকাণ্ড থেকে অব্যাহতি গ্রহণ করেছেন।
ঘোষণাপত্রে তিনি আরও বলেন, ভবিষ্যতে তিনি কোনো রাজনৈতিক দলের পদ-পদবি গ্রহণ করবেন না এবং কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে নিজেকে সম্পৃক্ত রাখবেন না। তাঁর ভাষ্য অনুযায়ী, এ সিদ্ধান্ত সম্পূর্ণ স্বেচ্ছাপ্রণোদিত এবং শারীরিক অসুস্থতার কারণেই নেওয়া হয়েছে।
বিদায়বার্তায় তিনি রাজনৈতিক সহকর্মী, শুভাকাঙ্ক্ষী এবং এলাকার সর্বস্তরের মানুষের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে সবার সুস্বাস্থ্য, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
এদিকে, স্থানীয় রাজনৈতিক অঙ্গনে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। তবে বিএনপিতে যোগদানের বিষয়ে শাহজাহান মুরাদের ব্যক্তিগত মন্তব্যের বিষয়ে দলটির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। যদিও ত্রিশাল বিএনপির এক সিনিয়র নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “সুবিধাবাদী কোকিলদের জন্য আমাদের দলে কোনো জায়গা নেই।”

আপনার মতামত লিখুন :