দেশের বন্যা কবলিত এলাকায় রাস্তাঘাট, ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও ফসলের ক্ষয়ক্ষতি নির্ধারণে সরকারিভাবে জরিপ চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, এই জরিপের ফলাফলের ওপর ভিত্তি করে সরকারি ও বেসরকারি উদ্যোগে সব ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো হবে। শুক্রবার কক্সবাজারের চকরিয়া উপজেলার বন্যাদুর্গত বিভিন্ন এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণকালে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
এদিন সকাল থেকে স্বরাষ্ট্রমন্ত্রী সড়ক পথে চকরিয়ার ফাঁসিয়াখালী, লক্ষ্যারচর, বরইতলী ও মানিকপুর- সুরাজপুর ইউনিয়ন এবং চকরিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কোচ পাড়ায় মাতামুহুরী নদীর ভাঙনে বিলীন হওয়া ঘরবাড়ি ও প্লাবিত এলাকা সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় তিনি বানভাসি মানুষের খোঁজখবর নেন এবং তাঁদের মাঝে জরুরি ত্রাণসামগ্রী, শুকনো খাবার ও সুপেয় পানি বিতরণ করেন।
ক্ষতিগ্রস্তদের আশ্বস্ত করে সালাউদ্দিন আহমদ বলেন, বন্যা কবলিত এলাকায় যেখানে রান্না করা খাবার প্রয়োজন ছিল, সেখানে তা পৌঁছানোর চেষ্টা করা হয়েছে। এর পাশাপাশি শুকনো খাবার ও অন্যান্য প্রয়োজনীয় সুবিধা সরকারি, বেসরকারি ও দলীয়ভাবে বিতরণ করা হচ্ছে।
পরিদর্শনকালে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না এমপি, বিজিবির মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকী, কক্সবাজারের জেলা প্রশাসক আব্দুল মান্নান এবং জেলা পরিষদ প্রশাসক এ টি এম নুরুল বশর চৌধুরী।
এছাড়া চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ার, সহকারী কমিশনার (ভূমি) রূপায়ন দেব, জেলা বিএনপির সহসভাপতি মিজানুর রহমান চৌধুরী খোকন মিয়া, চকরিয়া পৌরসভা বিএনপির সভাপতি নুরুল ইসলাম হায়দার, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মু ফখরুদ্দীন ফরায়েজী ও পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক এম আব্দুর রহিম, সিনিয়র সহ-সভাপতি এমএ গিয়াসউদ্দিন
সহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সফরের দ্বিতীয় দিন আগামীকাল শনিবার (১৮ জুলাই'২৬) স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের পেকুয়া ও মাতামুহুরী উপজেলার বন্যাকবলিত এলাকা পরিদর্শন এবং ত্রাণ বিতরণের কর্মসূচি রয়েছে।

আপনার মতামত লিখুন :