কুমিল্লার চান্দিনায় চেয়ারম্যান প্রার্থীর নিজস্ব অর্থায়নে সড়ক সংস্কার

ফখরুল ইসলাম , চান্দিনা (কুমিল্লা) সংবাদদাতা

প্রকাশিত: ১৮ জুলাই, ২০২৬, ০৩:০২ পিএম

কুমিল্লার চান্দিনায় চেয়ারম্যান প্রার্থীর নিজস্ব অর্থায়নে সড়ক সংস্কার

কুমিল্লার চান্দিনা উপজেলার গল্লাই ইউনিয়নের কংগাই ৩ নম্বর ওয়ার্ড, মিরাখলা ৮ নম্বর ওয়ার্ড এবং বোলাচর ৫নং ওয়ার্ডে নিজস্ব অর্থায়নে গুরুত্বপূর্ণ সড়ক সংস্কার কাজ করেছেন গল্লাই ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও বিশিষ্ট ব্যবসায়ী শংকর চন্দ্র সরকার।

শনিবার তিনি নিজে উপস্থিত থেকে রাস্তা সংস্কার কার্যক্রমে অংশ নেন এবং স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন। দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়া এই সড়ক তিনটি সংস্কার হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

এ সময় শংকর চন্দ্র সরকার বলেন, “ব্যবসায়ী হিসেবে আমার পরিচিতি থাকলেও সবসময় সাধারণ মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করেছি। মানুষের সেবা করাই আমার লক্ষ্য। নির্বাচিত হই বা না হই, ভবিষ্যতেও নিজ সামর্থ্য অনুযায়ী মানবিক ও জনকল্যাণমূলক কাজ অব্যাহত রাখব।”

স্থানীয় বাসিন্দারা জানান, এই সড়ক দিয়ে প্রতিদিন শত শত মানুষ যাতায়াত করেন। বিশেষ করে স্কুল-কলেজের শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী ও সাধারণ জনগণ দীর্ঘদিন ধরে দুর্ভোগের শিকার হচ্ছিলেন। শংকর চন্দ্র সরকারের উদ্যোগে রাস্তা সংস্কার হওয়ায় এখন মানুষের চলাচল অনেক সহজ ও নিরাপদ হবে।

এলাকাবাসী তাঁর এই মানবিক উদ্যোগের প্রশংসা করে বলেন, জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার আগেই তিনি জনগণের সুবিধার কথা চিন্তা করে নিজ অর্থায়নে রাস্তা সংস্কার করেছেন, যা সমাজসেবামূলক কাজের একটি উজ্জ্বল দৃষ্টান্ত।

রাস্তা সংস্কার কার্যক্রম চলাকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং গ্রামবাসীরা উপস্থিত ছিলেন।

সিয়াম সরিষা
Link copied!