শাহরাস্তিতে ৬ আসামি গ্রেপ্তার, উদ্ধার ১৩ পিস ইয়াবা

আলম চৌধুরী , সিনিয়র রিপোর্টার

প্রকাশিত: ১৮ জুলাই, ২০২৬, ০৬:৫৮ পিএম

শাহরাস্তিতে ৬ আসামি গ্রেপ্তার, উদ্ধার ১৩ পিস ইয়াবা

চাঁদপুরের শাহরাস্তি মডেল থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে নিয়মিত মামলার দুই, সিআর মামলার পরোয়ানাভুক্ত এক এবং মাদক মামলার তিন আসামিসহ মোট ছয়জনকে গ্রেপ্তার করেছে। অভিযানে ১৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে গত ১৭ ও ১৮ জুলাই বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ১৭ জুলাই এসআই (নিঃ) মো. ফরিদ উদ্দিন ও এএসআই (নিঃ) মো. ফারুক আহাম্মদ সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে দক্ষিণ ইছাপুরা এলাকার মো. মজিবুর রহমান মন্টু (৫০) নামে এক আসামিকে গ্রেপ্তার করেন। তিনি শাহরাস্তি মডেল থানার এফআইআর নং-২৭-এর নিয়মিত মামলার এজাহারভুক্ত আসামি। তার বিরুদ্ধে দণ্ডবিধির ৪৪৮/৩২৩/৩২৪/৩০৭/৫০৬(২) ধারায় মামলা রয়েছে।

এদিকে, ১৮ জুলাই এসআই (নিঃ) মো. মনিরুজ্জামানের নেতৃত্বে পরিচালিত পৃথক অভিযানে সিআর-৩৯৮/২৫ মামলার পরোয়ানাভুক্ত আসামি মরিয়ম বেগমকে দেবকরা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতে পাঠানো হয়। একই দিনে এসআই (নিঃ) শেখ রায়হানুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে জাদবপুর এলাকার মো. আবুল হোসেন (৪৫)-কে গ্রেপ্তার করেন। তিনি এফআইআর নং-২৮-এর নিয়মিত মামলার প্রধান আসামি। তার বিরুদ্ধে দণ্ডবিধির ৩২৩/৩২৪/৩০৭/৫০৬(২)/৩৪/১০৯ ধারায় মামলা রয়েছে।

অন্যদিকে, মাদকবিরোধী অভিযানে ১৭ জুলাই রাতে শাহরাস্তি থানাধীন চিতোষী পশ্চিম ইউনিয়নের আয়নাতলী এলাকায় মীর বাড়ি জামে মসজিদ সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। এসআই (নিঃ) মো. আইয়ুব খান, এএসআই শহীদুল্লাহ ও এএসআই মো. এরশাদ মিয়ার নেতৃত্বে পরিচালিত ওই অভিযানে মো. সফিউল আলম প্রকাশ শুভ (২২) ও মেহেদী হাসান (৩০)-কে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ১১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা রুজু করা হয়েছে।

এছাড়া, ১৮ জুলাই শাহরাস্তি থানাধীন পশ্চিম চিতোষী ইউনিয়নের আয়নাতলী এলাকায় পৃথক আরেকটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন এসআই (নিঃ) মো. আরিফ হোসাইন ও এএসআই মো. বাবুল হোসেন। এ সময় জাহেদুল ইসলাম প্রকাশ নাসিম (১৯)-কে দুই পিস ইয়াবাসহ আটক করা হয়। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। শাহরাস্তি মডেল থানা পুলিশ জানিয়েছে, মাদক, অপরাধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। পুলিশের চলমান অভিযানের ফলে এলাকায় অপরাধ দমনে ইতিবাচক প্রভাব পড়ছে।

সিয়াম সরিষা
Link copied!