মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে এক ব্যক্তিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার বিকেল ৩টার দিকে উপজেলা প্রশাসন, ৪৬ বিজিবি ও শ্রীমঙ্গল থানা পুলিশের যৌথ অভিযানে শ্রীমঙ্গল ৪৬ বিজিবি অফিস সংলগ্ন বধ্যভূমি এলাকার ভুরভুরিয়া ছড়া থেকে বালু উত্তোলনের সময় অলি মিয়া (২৭) নামে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়। তিনি শ্রীমঙ্গল উপজেলার জালালিয়া রোড এলাকার আব্দুল করিমের ছেলে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, আটক ব্যক্তিকে তাৎক্ষণিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন এবং ক্ষমা প্রার্থনা করেন। অভিযোগের সত্যতা ও ঘটনাস্থলে হাতেনাতে আটক হওয়ার পরিপ্রেক্ষিতে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৪(চ) ধারায় ভ্রাম্যমাণ আদালত তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান।
অভিযানকালে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে পুলিশের একটি দল এবং মেজর মাহবুবুল হকের নেতৃত্বে ৪৬ বিজিবির সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন। উপজেলা প্রশাসন জানিয়েছে, প্রাকৃতিক পরিবেশ ও জলাশয় রক্ষায় অবৈধ বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান জনস্বার্থে ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন :