দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির এমপি বাচ্চুকে শোকজ নোটিশ

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ১৮ জুলাই, ২০২৬, ০৮:৪১ পিএম

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির এমপি বাচ্চুকে শোকজ নোটিশ

ফাইল ফটো

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চুকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

শনিবার (১৮ জুলাই) বিএনপির কেন্দ্রীয় দফতর থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

দলীয় সূত্র জানায়, সম্প্রতি স্থানীয় ঝুট ব্যবসা নিয়ন্ত্রণসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে ফখর উদ্দিন আহমেদ বাচ্চুকে নিয়ে একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এসব অভিযোগ এবং দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের বিষয়টি পর্যালোচনা করেই তার কাছে ব্যাখ্যা চাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

বিএনপির সংশ্লিষ্ট নেতারা বলছেন, দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করে এমন অভিযোগকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তাই অভিযোগের বিষয়ে বাচ্চুকে নির্ধারিত সময়ের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে। জবাব সন্তোষজনক না হলে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হতে পারে।

 

উল্লেখ্য, ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর সঙ্গে বিএনপির সম্পর্ক অতীতেও টানাপোড়েনের মধ্য দিয়ে গেছে। ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে বিএনপির প্রার্থী করা হয়।

পরবর্তীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-১১ (ভালুকা) আসন থেকে তিনি ১ লাখ ১০ হাজার ২১৪ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। নির্বাচিত হওয়ার কয়েক মাসের মধ্যেই আবারও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শোকজ নোটিশ পাওয়ায় বিএনপির অভ্যন্তরে বিষয়টি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

Link copied!