সরকারের সুনাম নষ্ট করতে একটি চক্র এখনো নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, দেশকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ধারাবাহিক উদ্যোগকে কোনোভাবেই ব্যাহত হতে দেওয়া যাবে না। এ জন্য দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন রিজভী।
তিনি বলেন, হিন্দু ধর্মাবলম্বীদের রথযাত্রা উৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে সরকারের পাশাপাশি বিএনপিও দায়িত্বশীল ভূমিকা পালন করবে। কোনো অপশক্তি দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও জাতীয় ঐক্যে আঘাত হানতে পারবে না বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
রিজভী আরও বলেন, সব ধরনের উসকানি ও ষড়যন্ত্র এড়িয়ে নির্ভয়ে রথযাত্রা উদযাপনের পরিবেশ নিশ্চিত করা হবে। একই সঙ্গে সরকারের সুনাম ক্ষুণ্নের যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে বিএনপির নেতাকর্মীরা সতর্ক অবস্থানে থাকবেন।
স্কুলে খাবার বিতরণ কর্মসূচি সম্পর্কে তিনি বলেন, মাঠপর্যায়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের আরও দায়িত্বশীল হতে হবে। নিম্নমানের খাবার সরবরাহের মাধ্যমে যারা শিক্ষার্থীদের সঙ্গে অন্যায় করছেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।
আপনার মতামত লিখুন :