আওয়ামী লীগ নেতার কার্যালয় থেকে অস্ত্র, বোমা ও বিদেশি মদ উদ্ধার

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ০৮ জুলাই, ২০২৬, ০৮:৩৬ এএম

জামালপুরে আওয়ামী লীগ নেতা মোহাম্মদ কামরুল হাসান মনিরের ব্যক্তিগত কার্যালয়ে অভিযান চালিয়ে দুটি দেশীয় বন্দুক, চারটি গুলি, ছয়টি হাতবোমা এবং ছয় বোতল বিদেশি মদ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে প্রায় দুই ঘণ্টাব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়। উদ্ধার হওয়া মনির জামালপুর আইনজীবী সমিতির সাবেক ক্রীড়া সম্পাদক এবং দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

পুলিশ জানায়, জামালপুর পৌর শহরের পাঁচরাস্তা মোড়ে অবস্থিত মনোয়ারা আলী সুপার মার্কেটের দ্বিতীয় তলায় থাকা তার ব্যক্তিগত কার্যালয়ে অভিযান চালানো হয়। দুটি কক্ষ তালাবদ্ধ থাকায় স্থানীয় এক তালা মিস্ত্রির সহায়তায় তালা ভেঙে ভেতরে প্রবেশ করে পুলিশ।

অভিযানের সময় টেবিলের ড্রয়ার থেকে ছয় বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এছাড়া একটি কম্বলের ভেতরে মোড়ানো অবস্থায় দুটি দেশীয় বন্দুক, চারটি গুলি এবং ছয়টি হাতবোমা পাওয়া যায়।

পুলিশের এ অভিযানের সময় গণমাধ্যমকর্মী ও স্থানীয় কয়েকজন ব্যবসায়ী উপস্থিত ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, জামালপুর সদর থানার তদন্ত কর্মকর্তা এস এম নূর মোহাম্মদের নেতৃত্বে পরিচালিত অভিযানে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান, জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাইয়ুমসহ পুলিশের একটি দল অংশ নেয়।

 

জামালপুর সদর থানার তদন্ত কর্মকর্তা এস এম নূর মোহাম্মদ বলেন, সুনির্দিষ্ট গোপন তথ্যের ভিত্তিতে দিনের বেলায় অভিযান চালিয়ে অস্ত্র, বিস্ফোরক ও বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Link copied!