আমাদের সূচনাটাই অন্যায়, সুদ-ঘুষ ও দুর্নীতির মাধ্যমে: হুইপ নিজান

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ০৫ জুলাই, ২০২৬, ১০:২৯ এএম

সমাজের নানা অনিয়ম, দুর্নীতি ও নৈতিক অবক্ষয়ের জন্য সামগ্রিক মানসিকতার পরিবর্তনের ওপর গুরুত্বারোপ করেছেন লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ এ বি এম আশরাফ উদ্দীন নিজান। তিনি বলেছেন, আমাদের সমাজব্যবস্থার সূচনাই অন্যায়ের ভিতের ওপর দাঁড়িয়ে আছে; সুদ, ঘুষ ও দুর্নীতি সেই বাস্তবতারই অংশ।

শনিবার (৪ জুলাই) সকালে লক্ষ্মীপুরের রামগতি উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হুইপ নিজান বলেন, আমাদের সমাজে অন্যায়ের বিস্তার বহুদিনের। সুদ, ঘুষ ও দুর্নীতির মাধ্যমে নানা কাজের সূচনা হয় এবং এ বাস্তবতায় রাজনীতিবিদরাও দায় এড়াতে পারেন না। সবাই যদি শুধু ব্যক্তিগত লাভ-ক্ষতির হিসাব নিয়ে ব্যস্ত থাকে, তাহলে রাষ্ট্রের সামগ্রিক উন্নয়ন কখনোই সম্ভব নয়।

তিনি আরও বলেন, আমরা সবাই ভালো সমাজ, দক্ষ প্রশাসন এবং জনবান্ধব সেবা চাই। পুলিশ, প্রশাসনের কর্মকর্তা কিংবা রাজনীতিবিদ— সবার কাছ থেকেই উন্নত সেবা প্রত্যাশা করি। কিন্তু নাগরিক হিসেবে নিজেদের দায়িত্ব ও কর্তব্য পালনের বিষয়ে আমরা অনেক সময় উদাসীন থাকি। অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলতেও দ্বিধা করি। এভাবে আমাদের মূল্যবোধ ও ঐতিহ্য ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। তাই হারিয়ে যাওয়া ঐতিহ্য ও নৈতিকতা পুনরুদ্ধারে সবাইকে এগিয়ে আসতে হবে।

 

স্বাস্থ্যসেবা প্রসঙ্গে হুইপ নিজান বলেন, রোগ হওয়ার পর চিকিৎসার চেয়ে রোগ প্রতিরোধে গুরুত্ব দেওয়া প্রয়োজন। তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান বাজেট বক্তব্যে জাতীয় স্বাস্থ্যকেন্দ্র চালুর ঘোষণা দিয়েছেন। মানুষের সুস্থতা নিশ্চিত করতে রোগ প্রতিরোধমূলক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া জরুরি বলেও তিনি মন্তব্য করেন।

Link copied!