বিগত প্রায় সাড়ে সতেরো বছরে দেশ থেকে পাচার হওয়া প্রায় ২৮ লাখ কোটি টাকা দেশে ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তাঁর ভাষ্য, এই বিপুল অর্থের মাত্র নয় ভাগের এক ভাগও যদি উদ্ধার করা সম্ভব হয়, তবে রাষ্ট্রের বাজেটে কোনো ঘাটতি থাকবে না।
সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
শফিকুর রহমান বলেন, প্রস্তাবিত বাজেটে পাচার হওয়া অর্থ ফেরানোর বিষয়ে কোনো সুস্পষ্ট কর্মপরিকল্পনা নেই। তিনি বলেন, শুধু অর্থ উদ্ধার করলেই চলবে না, এই লুণ্ঠনের সঙ্গে জড়িত ব্যক্তিদেরও দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে।
তিনি অভিযোগ করেন, গত দেড় দশকের বেশি সময়ে হাতে গোনা কয়েকজন প্রভাবশালী ব্যক্তি দেশের সম্পদ লুট করেছেন। তাঁদের বিরুদ্ধে দৃশ্যমান ও কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে ভবিষ্যতে আরও বড় ধরনের লুণ্ঠনের আশঙ্কা সৃষ্টি হবে।
পাচার হওয়া সম্পদ উদ্ধারে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে সমঝোতা চুক্তি সম্পাদনের উদ্যোগ নেওয়ার জন্যও সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
বাজেট আলোচনায় শফিকুর রহমান বলেন, জুন মাসে অর্থবছর শেষ হওয়ার কারণে বছরের শেষ দিকে তড়িঘড়ি করে বিপুল অর্থ ব্যয় করা হয়। ওই সময়ে বন্যা ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের কারণে উন্নয়নকাজের বড় একটি অংশ দায়সারাভাবে সম্পন্ন হয়, যা অপচয় ও অনিয়মের সুযোগ সৃষ্টি করে।
তিনি প্রস্তাব করেন, জুলাই-জুনের পরিবর্তে জানুয়ারি-ডিসেম্বর ভিত্তিক বর্ষপঞ্জি অনুসারে অর্থবছর নির্ধারণ করা উচিত। পাশাপাশি প্রতি তিন বা চার মাস অন্তর বাজেট বাস্তবায়নের মূল্যায়ন প্রতিবেদন সংসদে উপস্থাপনেরও সুপারিশ করেন। তাঁর মতে, এতে স্বচ্ছতা, জবাবদিহি এবং জনগণের করের অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত হবে।
ভোলাকে দেশের মূল ভূখণ্ডের সঙ্গে সড়কপথে যুক্ত করার জন্য প্রস্তাবিত সেতু দ্রুত নির্মাণের দাবি জানান বিরোধীদলীয় নেতা। তিনি বলেন, দেশের সর্বদক্ষিণের এই জেলা এখনো স্থলপথে বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। উন্নত যোগাযোগব্যবস্থা পাওয়া ভোলাবাসীর ন্যায্য অধিকার।
তিনি আরও বলেন, ভোলায় বিপুল প্রাকৃতিক সম্পদের সম্ভাবনা রয়েছে। প্রস্তাবিত সেতু নির্মিত হলে শুধু জেলার উন্নয়নই নয়, বরং সমগ্র দেশের অর্থনীতিতেও ইতিবাচক পরিবর্তন আসবে।
শফিকুর রহমানের ভাষায়, ভোলা সম্ভাবনার এক অমূল্য ভাণ্ডার। দক্ষিণাঞ্চলের উন্নয়ন এবং জাতীয় সমৃদ্ধির স্বার্থে এই স্বপ্নের সেতুর নির্মাণকাজ দ্রুত শুরু করা প্রয়োজন।
আপনার মতামত লিখুন :