কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেফতার

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ২৫ জুন, ২০২৬, ০৯:০০ পিএম

ময়মনসিংহের ফুলপুরে বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ১১ জন নেতাকর্মীকে আটক করেছে থানা পুলিশ। কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা ও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে টানা তিন দিনের পৃথক অভিযানে তাদের আটক করা হয়।

বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফিরোজ হোসেন।

আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন ফুলপুর পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর তোফাজ্জল হোসেন, রূপসী ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আঙ্গুর ফকির, রহিমগঞ্জ ইউনিয়নের ছাত্রলীগ কর্মী মো. রামিম, ফুলপুর পৌরসভার গোদারিয়া এলাকার ছাত্রলীগ কর্মী রাতুল হাসান, বালিয়া ইউনিয়নের বেলটিয়া-বালিয়া গ্রামের হুমায়ুন কবির, নলচাপড়া গ্রামের যুবলীগ কর্মী আশরাফুল ইসলাম, নারায়ণপট্টি গ্রামের টুটুল, বড়ইকান্দি এলাকার সামিউল খান এবং রূপসী ইউনিয়নের ঘোমগাঁও গ্রামের যুবলীগ কর্মী সিদ্দিকসহ আরও কয়েকজন।

ফুলপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান সেলিম বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপির অসংখ্য নেতাকর্মী বিভিন্ন মামলা ও হয়রানির শিকার হয়েছেন। যারা সাধারণ মানুষ ও বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে অন্যায়ভাবে মামলা দিয়েছে এবং হয়রানির সঙ্গে জড়িত ছিল, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত। তবে কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন, সে বিষয়েও তিনি গুরুত্বারোপ করেন।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফিরোজ হোসেন বলেন, আটক ১১ জনের বিরুদ্ধে বিভিন্ন মামলা রয়েছে। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে এবং আইন অনুযায়ী পরবর্তী কার্যক্রম চলমান রয়েছে।

Link copied!