জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড ১৮ কোটি মানুষ: বিরোধীদলীয় নেতা

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ২৯ জুন, ২০২৬, ০৮:২৪ এএম

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, জুলাই আন্দোলনের পেছনে একক কোনো পরিকল্পনাকারী বা মূল ব্যক্তি ছিলেন না। তাঁর ভাষায়, এই আন্দোলনের প্রকৃত চালিকাশক্তি ও মূল কৃতিত্ব বাংলাদেশের ১৮ কোটি মানুষের।

রোববার (২৮ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনের ১৭তম দিনে সাধারণ আলোচনায় পয়েন্ট অব অর্ডারে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।

এ সময় জামালপুর-১ আসনের সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাত বিরোধীদলীয় নেতার একটি পুরোনো বক্তব্যের প্রসঙ্গ তুলে দাবি করেন, ডা. শফিকুর রহমান এর আগে আন্দোলনের প্রধান নায়ক হিসেবে তারেক রহমানের নাম উল্লেখ করেছিলেন।

এর জবাবে ডা. শফিকুর রহমান বলেন, উদ্ধৃত বক্তব্যের সময়কাল সঠিকভাবে উপস্থাপন করা হয়নি। তিনি জানান, ওই বক্তব্য তিনি ২০২৪ সালের এপ্রিল মাসে দিয়েছিলেন, অথচ আন্দোলনের সাফল্য আসে একই বছরের আগস্টে। ৫ আগস্টের পর সৃষ্ট নতুন বাস্তবতার প্রেক্ষাপটেই তিনি পরবর্তী মন্তব্য করেছিলেন।

জুলাই অভ্যুত্থানে নেতৃত্বদানকারীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিরোধীদলীয় নেতা বলেন, যাঁদের নেতৃত্বে এই অভ্যুত্থান সফল হয়েছে, তাঁদের প্রতি সবার আন্তরিক সম্মান ও ভালোবাসা রয়েছে।

তিনি আরও বলেন, বিদেশ সফরের সময় ড. ইউনূস একজনকে আন্দোলনের মূল পরিকল্পনাকারী হিসেবে উল্লেখ করেছিলেন। সেই বক্তব্যের প্রথম প্রতিবাদ তিনিই করেছিলেন বলে দাবি করে ডা. শফিকুর রহমান বলেন, এই আন্দোলনের কৃতিত্ব কোনো এক ব্যক্তির নয়; এটি দেশের তরুণ সমাজ এবং সর্বোপরি বাংলাদেশের ১৮ কোটি মানুষের সম্মিলিত সংগ্রামের ফল।

Link copied!