জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় বিচার নিশ্চিত করা হবে। তিনি দাবি করেন, বিচার প্রক্রিয়া শেষে তার সর্বোচ্চ শাস্তি কার্যকর করা হবে।
রবিবার (২৮ জুন) দুপুরে মৌলভীবাজারের জুড়ী উপজেলার ক্যাম্প চত্বরে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, দেশে ভবিষ্যতে কোনোভাবেই ফ্যাসিবাদী শাসনব্যবস্থা ফিরে আসতে দেওয়া হবে না। এ ধরনের কোনো প্রচেষ্টা হলে জনগণ রাজপথে নেমে তা প্রতিহত করবে। তিনি আরও বলেন, শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার প্রচেষ্টা অব্যাহত থাকবে। একই সঙ্গে আওয়ামী লীগের প্রশ্নে কোনো ধরনের আপস করা হবে না বলেও মন্তব্য করেন তিনি। যারা আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে প্রশ্রয় দেবে, তাদের বিরুদ্ধেও আন্দোলন ও রাজনৈতিক কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান তিনি।
সীমান্ত পরিস্থিতি প্রসঙ্গে এনসিপির এই নেতা অভিযোগ করেন, ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিভিন্ন সময় পুশইনের মতো ঘটনা ঘটাচ্ছে। মৌলভীবাজারের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতীয় নাগরিকদের বাংলাদেশি পরিচয়ে দেশে প্রবেশ করানোর চেষ্টা করা হচ্ছে বলেও তিনি দাবি করেন।
সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে স্থানীয় জনগণকে বিজিবির সঙ্গে সমন্বয় করে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির নেতা প্রীতম দাস, আফজাল হোসেন, আব্দুল মালিক সাচ্চু ও আমির হামজা। এতে জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা সভায় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সীমান্ত নিরাপত্তা এবং গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠাসহ বিভিন্ন বিষয়ে নিজেদের বক্তব্য তুলে ধরেন।
আপনার মতামত লিখুন :