জামায়াতের খোপ থেকে বেরিয়ে এসেছি: চরমোনাই পীর

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ০৭ জুলাই, ২০২৬, ০১:২৪ পিএম

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম বলেছেন, তারা জামায়াতে ইসলামীর প্রভাব বলয় থেকে বেরিয়ে এসেছেন। বর্তমানে ইসলামী আদর্শ ও নীতির ভিত্তিতে কথা বলার মতো একমাত্র দল হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশকে দাবি করেন তিনি।

সোমবার (৬ জুলাই) বিকেলে কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

জামায়াতে ইসলামীর সমালোচনা করে রেজাউল করিম বলেন, দলটির নির্বাচনি ইশতেহারে ইসলাম বা শরিয়াহভিত্তিক রাষ্ট্র পরিচালনার বিষয়ে স্পষ্ট কোনো ঘোষণা নেই। তিনি দাবি করেন, বিভিন্ন মহলের সঙ্গে আলোচনায় জামায়াত জানিয়েছে, ক্ষমতায় গেলে তারা প্রচলিত ব্যবস্থার মধ্যেই দেশ পরিচালনা করবে।

চরমোনাই পীর বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাচনি ইশতেহারে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে, জনগণের সমর্থন পেলে এবং আল্লাহর ইচ্ছায় ক্ষমতায় গেলে ইসলামি শরিয়াহ অনুযায়ী রাষ্ট্র পরিচালনার উদ্যোগ নেওয়া হবে।

বর্তমান সরকারের সমালোচনা করে তিনি বলেন, যে পরিবর্তনের প্রত্যাশা নিয়ে সরকারকে সমর্থন দেওয়া হয়েছিল, বাস্তবে তার প্রতিফলন দেখা যাচ্ছে না। এখনো দেশে চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ হয়নি। পাশাপাশি মাদকের বিস্তারও উদ্বেগজনকভাবে বেড়েছে।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, মাদক ও সন্ত্রাস নির্মূলের পাশাপাশি মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

সম্মেলনে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আহাম্মদ আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দলের নায়েবে আমির হাফেজ মাওলানা আব্দুল আউয়াল। প্রধান বক্তা ছিলেন দলের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।

 

এ ছাড়া সম্মেলনে বক্তব্য দেন সাংগঠনিক সম্পাদক মাওলানা আরিফুল ইসলাম ও প্রভাষক মুফতি আহমাদ আব্দুল জলিল। অনুষ্ঠান পরিচালনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক জিএম গোলাম তাওহিদ।

Link copied!