পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরতে আইনগত কোনো বাধা নেই বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগরের একাংশ) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।
সোমবার (৬ জুলাই) ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সাংবাদিকরা জানতে চান, প্রধান আইন কর্মকর্তা বলছেন শেখ হাসিনার দেশে ফিরতে কোনো বাধা নেই, অথচ স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন তিনি দেশে ফিরতে পারবেন না— এ বিষয়ে তাঁর মত কী। জবাবে রুমিন ফারহানা বলেন, আইনগত দিক থেকে শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রে কোনো বাধা নেই। তিনি দেশে ফিরে আত্মসমর্পণ করবেন, জামিনের আবেদন করবেন এবং প্রচলিত আইন অনুযায়ী স্বাভাবিক বিচারিক প্রক্রিয়া অনুসরণ করবেন।
বিরোধী দলের সম্ভাব্য ছায়া মন্ত্রিসভা গঠন প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, বিশ্বের বিভিন্ন দেশে বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা গঠনের প্রচলন রয়েছে। সেই দৃষ্টিকোণ থেকে এমন উদ্যোগকে তিনি স্বাগত জানান।
তিনি আরও বলেন, বিরোধী দল যদি মন্ত্রণালয়ভিত্তিক নিজেদের পরিকল্পনা তুলে ধরে এবং সরকারের বিভিন্ন কার্যক্রমের ত্রুটি-বিচ্যুতি চিহ্নিত করে গঠনমূলক পরামর্শ দেয়, তবে তা রাষ্ট্র পরিচালনার জন্য ইতিবাচক ভূমিকা রাখবে এবং এমন উদ্যোগকে স্বাগত জানানো উচিত।
আপনার মতামত লিখুন :