জামালপুর সদর উপজেলার ইটাইল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি ও ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমন সরকারকে ইয়াবাসহ আটক করেছে পুলিশ।
সোমবার মধ্যরাতে উপজেলার দেবেরবাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, ইমন সরকারের কাছ থেকে ৩১ পিস ইয়াবা ও নগদ ২৪ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার নরুন্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা এ টি এম মাহমুদুল হক।
স্থানীয় সূত্রের দাবি, ইমন সরকার দীর্ঘদিন ধরে ইয়াবা সেবনের পাশাপাশি মাদক বেচাকেনার সঙ্গে জড়িত ছিলেন। এলাকায় তিনি ‘মেম্বার’ নামে পরিচিত।
এদিকে, ওই এলাকার সাবেক ছাত্রদল নেতা সাব্বির হোসেন বলেন, মাদকাসক্তি ও বিশৃঙ্খল আচরণের কারণে উপজেলা যুবদল ইমন সরকারকে ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়কের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে।
তবে এ বিষয়ে কোনো লিখিত আদেশ বা চিঠি রয়েছে কি না জানতে চাইলে সাব্বির হোসেন বলেন, তিনি বিষয়টি শুনেছেন, কিন্তু এ সংক্রান্ত কোনো চিঠি তার কাছে নেই।
বর্তমানে ইমন সরকার ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি শ্রমিকদলেরও একটি পদে রয়েছেন।
আপনার মতামত লিখুন :