প্রধানমন্ত্রীর এলাকায় ‘১০০ টাকা চাঁদাবাজি’র শিকার নাসির উদ্দীন পাটওয়ারী

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ১৫ জুলাই, ২০২৬, ০৪:০০ পিএম

প্রধানমন্ত্রীর এলাকায় ‘১০০ টাকা চাঁদাবাজি’র শিকার নাসির উদ্দীন পাটওয়ারী

ফাইল ফটো

বগুড়া শহরে এসে ‘১০০ টাকা চাঁদা’ দাবি করার ঘটনার কথা তুলে ধরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটওয়ারী বলেছেন, তিনি চাঁদাবাজির শিকার হয়েছেন। এ সময় তিনি প্রশ্ন তোলেন, প্রধানমন্ত্রীর এলাকায় যদি এমন ঘটনা ঘটে, তাহলে সারা দেশ কীভাবে চাঁদাবাজিমুক্ত হবে।

মঙ্গলবার সন্ধ্যায় বগুড়া শহরের সাতমাথা জুলাই স্মৃতিস্তম্ভের সামনে জেলা এনসিপি আয়োজিত পথসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। এর আগে সদর থানার সামনে থেকে দলের নেতাকর্মীদের নিয়ে পদযাত্রায় অংশ নেন কেন্দ্রীয় নেতারা।

বক্তব্যে নাসির উদ্দীন পাটওয়ারী বলেন, বগুড়ায় এসেই একজন তাঁর কাছে এসে একশো টাকা চাঁদা দাবি করেন। বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রীর এলাকায় এসেই যদি এমন অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়, তাহলে সারা দেশে চাঁদাবাজি নির্মূল করা কতটা সম্ভব, সেটিই বড় প্রশ্ন।

তাঁর এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বগুড়াজুড়ে আলোচনা ও প্রতিক্রিয়া দেখা দেয়। অনেকেই তাঁর বক্তব্যের সমালোচনা করে দাবি করেন, প্রকৃতপক্ষে এমন কোনো ঘটনা ঘটলে তিনি তাৎক্ষণিকভাবে সামাজিক মাধ্যমে প্রকাশ করতেন। তাঁদের অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্য থেকেই বগুড়াকে চাঁদাবাজির সঙ্গে যুক্ত করার চেষ্টা করা হয়েছে।

পথসভায় নাসির উদ্দীন পাটওয়ারী আরও বলেন, বগুড়াকে নতুন গোপালগঞ্জে পরিণত করা যাবে না। জনগণের প্রতিনিধিত্বহীন সংসদের সমালোচনা করে তিনি বলেন, যে সংসদ জনগণের নয়, সেই সংসদকে ধিক্কার জানানো উচিত। একই সঙ্গে তিনি সাংবাদিকদের বেতন-ভাতা বৃদ্ধি এবং গণমাধ্যমকর্মীদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সরকার ও গণমাধ্যমের মালিকদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বক্তব্য দেন। তিনি বগুড়া সদর উপজেলা নির্বাচনে দলের মনোনীত চেয়ারম্যান প্রার্থী এএমজেড শাহরিয়ার জুহিনকে নেতাকর্মীদের সঙ্গে পরিচয় করিয়ে দেন। বক্তব্যে তিনি গণভোটের মাধ্যমে জনগণের মতামতের প্রতিফলন ঘটিয়ে নতুন বাংলাদেশ গঠনের আহ্বান জানান।

পথসভায় আরও উপস্থিত ছিলেন দলের যুগ্ম সদস্য সচিব সাইফ মোস্তাফিজ, সচিব গাজী সালাউদ্দীন তানভীর, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, মুখ্য সংগঠক সাকিব মাহদী, বগুড়া জেলা আহ্বায়ক প্রকৌশলী এম এস এ মাহমুদ, চেয়ারম্যান পদপ্রার্থী এএমজেড শাহরিয়ার জুহিনসহ জেলা ও কেন্দ্রীয় নেতারা। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ আবদুস সবুর সুমন।

এর আগে দুপচাঁচিয়া উপজেলায় আয়োজিত আরেকটি পথসভায়ও এনসিপির কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন। পরে নেতাকর্মীদের নিয়ে জুলাই সনদ বাস্তবায়ন, শহীদদের বিচার এবং গণভোটের রায় কার্যকরের দাবিতে পদযাত্রা অনুষ্ঠিত হয়।

Link copied!