সাতক্ষীরায় অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে যুব জামায়াতের এক নেতাকে দলীয় পদ ও সব সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ ঘটনায় দলটির পক্ষ থেকে তদন্তও শুরু হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) সাতক্ষীরা সদর উপজেলার ১২ নম্বর বল্লী ইউনিয়ন শাখার আমীর মো. মিজানুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অব্যাহতি পাওয়া মোহাম্মদ ফিরোজ শাহ বল্লী ইউনিয়ন শাখার যুব ও ক্রীড়া বিভাগের ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
স্থানীয় সূত্র জানায়, বুধবার (৮ জুলাই) দুপুরে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে এক নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ফিরোজ শাহকে তার স্ত্রী দেখতে পান। এ সময় ঘটনাস্থলে দুজনের মধ্যে তীব্র বাকবিতণ্ডার সৃষ্টি হয়। পার্কে উপস্থিত কয়েকজন পুরো ঘটনার ভিডিও ধারণ করেন।
পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দেয়।
দলীয় বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলা সংগঠনের নির্দেশনা অনুযায়ী দলীয় শৃঙ্খলা, আদর্শ ও নীতিমালাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গঠনতন্ত্র অনুসারে ফিরোজ শাহর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। তাকে যুব ও ক্রীড়া বিভাগের ভারপ্রাপ্ত সম্পাদকের পদসহ সংগঠনের সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে। একই সঙ্গে ঘটনার বিষয়ে বিস্তারিত তদন্ত চলছে। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে তার বিরুদ্ধে স্থায়ী বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হবে।

আপনার মতামত লিখুন :