শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হকের পদত্যাগ দাবিতে চলমান শিক্ষার্থী আন্দোলন এবং শিক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলে উল্লেখ করা একটি ভাইরাল অডিওকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে নতুন একটি উদ্যোগ হিসেবে আত্মপ্রকাশ করেছে ‘ব্রয়লার চিকেন পার্টি’।
মঙ্গলবার (১৪ জুলাই) ফেসবুকে ‘ব্রয়লার চিকেন পার্টি’ নামে একটি পেজ চালু করা হয়। ‘আমরা অপমানিত নই, আমরা জেগে উঠেছি’ স্লোগান নিয়ে যাত্রা শুরু করা পেজটিতে মঙ্গলবার বিকেল পৌনে ৫টা পর্যন্ত ১ হাজার ৩ জন অনুসারী যুক্ত হন।
টানা ভারী বৃষ্টিপাত ও জলাবদ্ধতার মধ্যেও এইচএসসি পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দেশের বিভিন্ন স্থানে আন্দোলন করছেন উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা।
নতুন চালু হওয়া এই ফেসবুক পেজে আন্দোলনের বিভিন্ন ছবি, ভিডিও এবং শিক্ষার্থীদের কর্মসূচি-সংক্রান্ত নানা তথ্য প্রকাশ করা হচ্ছে। পাশাপাশি শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনের প্রতি সমর্থনও জানানো হচ্ছে।
এর আগে ভারতে দেশটির প্রধান বিচারপতির একটি বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে ‘তেলাপোকা জনতা পার্টি’ নামে একটি উদ্যোগ আলোচনায় আসে। সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই বাংলাদেশে ‘ব্রয়লার চিকেন পার্টি’র আত্মপ্রকাশ নতুন করে সামাজিক মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে।

আপনার মতামত লিখুন :