ফটিকছড়িতে বন্যাকবলিত মানুষের পাশে সেনাবাহিনী

কামাল উদ্দীন চৌধুরী , ফটিকছড়ি, চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ১৯ জুলাই, ২০২৬, ০৪:৪৬ পিএম

ফটিকছড়িতে বন্যাকবলিত মানুষের পাশে সেনাবাহিনী

ফাইল ফটো

টানা ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। মানবিক দায়িত্ববোধ থেকে গুইমারা রিজিয়নের অধীন লক্ষ্মীছড়ি জোনের উদ্যোগে গত শুক্রবার ও শনিবার দুই দিনব্যাপী উপজেলার বন্যাদুর্গত এলাকায় ত্রাণ সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়।

সেনাবাহিনীর এ মানবিক উদ্যোগের আওতায় উপজেলার পূর্ব ভুজপুর, সুন্দরপুর ও বক্তপুর ইউনিয়নের সবচেয়ে ক্ষতিগ্রস্ত ১০০টি পরিবারের মাঝে জরুরি খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। বিতরণকৃত ত্রাণসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, সয়াবিন তেল, লবণসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য, যা দুর্গত পরিবারের কয়েক দিনের খাদ্যসংকট লাঘবে সহায়ক হবে।ত্রাণ বিতরণের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরা দুর্গত পরিবারের খোঁজখবর নেন, তাদের সমস্যার কথা শোনেন এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।অনেক স্থানে বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের কাছে সরাসরি ত্রাণ পৌঁছে দেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সাম্প্রতিক ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে ফটিকছড়ির বিভিন্ন ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। অনেক পরিবারের বসতঘরে পানি ঢুকে পড়ায় তারা নিরাপদ আশ্রয়ে যেতে বাধ্য হন। পানিবন্দি হয়ে পড়া মানুষের মধ্যে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটও দেখা দেয়। এমন পরিস্থিতিতে সেনাবাহিনীর ত্রাণ কার্যক্রম ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে স্বস্তি এনে দিয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, দেশের যেকোনো দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো তাদের সাংবিধানিক ও মানবিক দায়িত্বের অংশ। বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এবং প্রয়োজন অনুযায়ী ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ ও অন্যান্য মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে ত্রাণ পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তারা বলেন, বন্যার কারণে অনেক পরিবার কর্মহীন হয়ে পড়েছে। এমন সময়ে সেনাবাহিনীর দেওয়া খাদ্যসামগ্রী তাদের জন্য বড় ধরনের সহায়তা হয়েছে।

স্থানীয় জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরাও সেনাবাহিনীর এ উদ্যোগের প্রশংসা করে বলেন, দুর্যোগের এই সংকটময় সময়ে দ্রুত ত্রাণ পৌঁছে দিয়ে বাংলাদেশ সেনাবাহিনী আবারও জনগণের আস্থা ও দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে।

সিয়াম সরিষা
Link copied!