ফুলগাজীতে কুরআনি শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রাখা শিক্ষার্থীদের সংবর্ধনা

জসিম উদ্দিন , ফুলগাজী উপজেলা প্রতিনিধি

প্রকাশিত: ১৯ জুলাই, ২০২৬, ০৪:৫৩ পিএম

ফুলগাজীতে কুরআনি শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রাখা শিক্ষার্থীদের সংবর্ধনা

ফেনীর ফুলগাজীতে কুরআনি শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রাখা শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ নূরানী অ্যাসোসিয়েশন বৃত্তি বোর্ডের বৃত্তিপ্রাপ্ত এবং এ প্লাস অর্জনকারী শিক্ষার্থীদের সম্মাননা জানাতে এই আয়োজন করে জামেয়া উম্মুল ক্বোরা নূরানী ও হিফজুল কুরআন মাদ্রাসা।
সকালে মাদ্রাসার নিজস্ব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মুফতি তাজুল ইসলাম।

অনুষ্ঠানে জানানো হয়, ২০২৫ সালের বাংলাদেশ নূরানী অ্যাসোসিয়েশন বৃত্তি বোর্ডের পরীক্ষায় মাদ্রাসার দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির মোট ১৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ১৪ জন শিক্ষার্থী মেধাতালিকায় স্থান অর্জন করে বৃত্তি লাভের গৌরব অর্জন করেছে। পাশাপাশি এ প্লাস অর্জনকারী শিক্ষার্থীদেরও বিশেষভাবে সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল কৃতী শিক্ষার্থীদের হাতে সনদপত্র, ক্রেস্ট এবং সম্মাননা স্মারক তুলে দেওয়া। এ সময় শিক্ষার্থীদের উচ্ছ্বাস এবং অভিভাবকদের আনন্দঘন উপস্থিতি অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।

সভাপতির বক্তব্যে মাওলানা মুফতি তাজুল ইসলাম বলেন, জামেয়া উম্মুল ক্বোরা মাদ্রাসার শিক্ষার্থীরা ধারাবাহিকভাবে সাফল্য অর্জন করে প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি করছে। তাদের এই অর্জন শুধু ব্যক্তিগত নয়, বরং মাদ্রাসা, পরিবার এবং সমাজের জন্যও গর্বের বিষয়। আমরা আশা করি, ভবিষ্যতেও তারা নৈতিকতা, আদর্শ ও শিক্ষার সমন্বয়ে আরও বড় সাফল্য অর্জন করবে। তিনি আরও বলেন, শিক্ষার্থীদের সাফল্যের পেছনে শিক্ষক-শিক্ষিকাদের নিরলস প্রচেষ্টা এবং অভিভাবকদের আন্তরিক সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আগামী দিনে শিক্ষার মানোন্নয়নে মাদ্রাসা কর্তৃপক্ষ আরও কার্যকর উদ্যোগ গ্রহণ করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে অভিভাবকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন মাওলানা ওবায়দুল হক। তিনি সন্তানদের সুশিক্ষা নিশ্চিত করতে পরিবারকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান এবং ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রতি গুরুত্বারোপ করেন। এছাড়া বক্তব্য দেন মাওলানা মো. মহিউদ্দিন, মাওলানা মোহাম্মদ ইসহাকসহ অন্যান্য শিক্ষকবৃন্দ। বক্তারা বলেন, বর্তমান প্রজন্মকে নৈতিক অবক্ষয় থেকে রক্ষা করতে ধর্মীয় শিক্ষার বিকল্প নেই। কুরআন-সুন্নাহভিত্তিক শিক্ষা এবং আধুনিক জ্ঞানের সমন্বয়ের মাধ্যমে শিক্ষার্থীদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তারা।

অনুষ্ঠানে উপস্থিত অভিভাবকরাও শিক্ষার্থীদের সাফল্যে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান। পরে বৃত্তিপ্রাপ্ত ও এ প্লাস অর্জনকারী শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে সনদ, ক্রেস্ট ও বিভিন্ন পুরস্কার তুলে দেওয়া হয়। সবশেষে দেশ, জাতি ও শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

সিয়াম সরিষা
Link copied!