বন্যাকবলিত কুতুবদিয়ার জন্য নেই সরকারের বরাদ্দ, ক্ষোভ এলাকাবাসীর

মনসুর আলম মুন্না , স্টাফ রিপোর্টার, কক্সবাজার

প্রকাশিত: ২০ জুলাই, ২০২৬, ০৪:০১ পিএম

বন্যাকবলিত কুতুবদিয়ার জন্য নেই সরকারের বরাদ্দ, ক্ষোভ এলাকাবাসীর

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় কক্সবাজারের কুতুবদিয়ায় হাজারো পরিবার পানিবন্দি। ফসলি জমি, মাছের ঘের ও বসতঘর ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হলেও খাদ্য মন্ত্রণালয়ের সর্বশেষ বিশেষ আটা বরাদ্দের তালিকায় স্থান পায়নি দ্বীপ উপজেলা কুতুবদিয়া। খাদ্য মন্ত্রণালয়ের সরবরাহ শাখা থেকে ১৬ জুলাই ২০২৬ তারিখে জারি করা এক প্রজ্ঞাপনে বন্যাকবলিত চট্টগ্রাম বিভাগের ৩৯টি উপজেলায় জুলাই ও আগস্ট মাসে মোট ৭৮টি ফেয়ার প্রাইস ডিলারের মাধ্যমে বিশেষ ওএমএস কর্মসূচির আওতায় আটা বিক্রির বরাদ্দ দেওয়া হয়েছে। তবে ওই তালিকায় কক্সবাজার জেলার চকরিয়া, মহেশখালী, পেকুয়া, রামু, টেকনাফ ও উখিয়া উপজেলা থাকলেও বন্যায় ক্ষতিগ্রস্ত কুতুবদিয়ার নাম নেই।

স্থানীয়দের দাবি, টানা বৃষ্টি, জোয়ার ও জলাবদ্ধতায় কুতুবদিয়ার অধিকাংশ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বহু পরিবার এখনো স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি। এমন পরিস্থিতিতে বিশেষ খাদ্য সহায়তার তালিকা থেকে কুতুবদিয়াকে বাদ দেওয়ায় সাধারণ মানুষের মধ্যে হতাশা ও ক্ষোভ সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের ভাষ্য, কুতুবদিয়া একটি বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হওয়ায় এখানকার মানুষ দুর্যোগের সময় অতিরিক্ত সংকটে পড়েন। তাই সরকারের বিশেষ খাদ্য সহায়তার আওতায় কুতুবদিয়াকে অন্তর্ভুক্ত করা জরুরি ছিল।

উল্লেখ্য, বন্যা পরিস্থিতিতে সরকার বিভিন্ন জেলায় ত্রাণ ও খাদ্য সহায়তা অব্যাহত রেখেছে এবং কক্সবাজার জেলাতেও চাল, শুকনো খাবার ও নগদ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। তবে খাদ্য মন্ত্রণালয়ের এই বিশেষ আটা বরাদ্দের তালিকায় কুতুবদিয়ার নাম না থাকায় বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।

খাদ্য অধিদপ্তরের কুতুবদিয়ার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মোশাররফ হোসাইন জানান, বিষয়টি জেলা পর্যায়ে অবগত করা হয়েছে।
এ বিষয়ে কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান জানান, তিনটি উপজেলায় বরাদ্দ দেওয়া হয়নি। তার মধ্যে কুতুবদিয়া আছে। বরাদ্দের জন্য লেখা হয়েছে, এখনো রেসপন্স আসেনি।

সিয়াম সরিষা
Link copied!