কুমিল্লা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিক আর নেই। বৃহস্পতিবার ২৩ জুলাই ভোর ৬টা ৩০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৫ বছর।
তাঁর অকাল মৃত্যুতে কুমিল্লা জেলা পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও সর্বস্তরের মানুষের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। কর্মজীবনে তিনি একজন সৎ, দক্ষ, মানবিক ও কর্তব্যনিষ্ঠ পুলিশ কর্মকর্তা হিসেবে সহকর্মীদের কাছে অত্যন্ত শ্রদ্ধেয় ছিলেন। দায়িত্ব পালনে তাঁর নিষ্ঠা, পেশাদারিত্ব এবং জনবান্ধব মনোভাব সাধারণ মানুষের কাছেও প্রশংসিত ছিল।
মরহুম মোহাম্মদ সাইফুল মালিক তাঁর সহধর্মিণী, দুই সন্তান, আত্মীয়-স্বজন, অসংখ্য সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে পরিবারে যেমন নেমে এসেছে শোকের মাতম, তেমনি কুমিল্লা জেলা পুলিশ হারিয়েছে একজন অভিজ্ঞ ও নিবেদিতপ্রাণ কর্মকর্তাকে।
মরহুমের মৃত্যুতে কুমিল্লা জেলার পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান, পিপিএম গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোকবার্তায় তিনি বলেন, মোহাম্মদ সাইফুল মালিকের মৃত্যু কুমিল্লা জেলা পুলিশের জন্য এক অপূরণীয় ক্ষতি। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন।
কুমিল্লা জেলা পুলিশের পক্ষ থেকেও মরহুমের আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা মরহুম মোহাম্মদ সাইফুল মালিককে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং তাঁর পরিবারকে এই অপূরণীয় শোক সহ্য করার তাওফিক দান করুন। আমীন।

আপনার মতামত লিখুন :