এক দেশ, এক কিউআর, লেনদেনে বাংলা কিউআর’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের নগরকান্দায় পুবালী ব্যাংক পিএলসি’র উদ্যোগে ‘ক্যাশলেস নগরকান্দা’ শীর্ষক গ্রাহক সমাবেশ, সচেতনতামূলক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে নগরকান্দা উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একটি বর্ণাঢ্য সচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালি শেষে গ্রাহক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পুবালী ব্যাংক পিএলসি’র ভাঙ্গা শাখার ব্যবস্থাপক দেবাশীষ বোস-এর সভাপতিত্বে এবং নগরকান্দা উপশাখার ব্যবস্থাপক শামিম মিয়া-র তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা আফরিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আল ফাহাদ, নগরকান্দা থানার অফিসার ইনচার্জ রাসুল সামদানী আজাদ, উপজেলা কৃষি কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাবেক সহ-সভাপতি ও শহীদ আকরামুননেসা উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব আলী, নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি শওকত আলী শরীফ, সাবেক সিনিয়র শিক্ষক সাইদুর রহমান বাবলু, ফরিদপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক তৈয়াবুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় বক্তারা বলেন, ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের পথে এগিয়ে যেতে বাংলা কিউআর একটি যুগান্তকারী উদ্যোগ। এর মাধ্যমে বিভিন্ন ব্যাংক ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের গ্রাহকরা একই কিউআর কোড ব্যবহার করে সহজ, দ্রুত ও নিরাপদে লেনদেন করতে পারবেন। এতে নগদ অর্থের ব্যবহার কমবে, সময় সাশ্রয় হবে এবং আর্থিক লেনদেনে স্বচ্ছতা, জবাবদিহি ও নিরাপত্তা আরও নিশ্চিত হবে।
বক্তারা আরও বলেন, প্রযুক্তিনির্ভর ক্যাশলেস লেনদেনের প্রসারে ব্যবসায়ী, গ্রাহক ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং বাংলা কিউআর ব্যবহারের বিস্তার ঘটাতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে পুবালী ব্যাংক পিএলসি’র কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শ্রেণি-পেশার গ্রাহক, ব্যবসায়ী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :