গাজীপুরে ৬০ কেজি গাঁজাসহ কাভার্ড ভ্যান জব্দ, গ্রেপ্তার ১

আখতার হোসেন , বিশেষ প্রতিনিধি

প্রকাশিত: ২৮ জুলাই, ২০২৬, ০৩:৫৭ পিএম

গাজীপুরে ৬০ কেজি গাঁজাসহ কাভার্ড ভ্যান জব্দ, গ্রেপ্তার ১

ফাইল ফটো

গাজীপুর মহানগরে মাদকবিরোধী অভিযানে প্রায় ১৮ লাখ টাকা মূল্যের ৬০ কেজি গাঁজা ও একটি কাভার্ড ভ্যান জব্দ করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগ।এ সময় এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার আরিফ ভূঁইয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানার তন্তর এলাকার বাবুল ভূঁইয়ার ছেলে।মঙ্গলবার (২৮ জুলাই) গাজীপুর মেট্রোপলিটন পুলিশের মহানগর গোয়েন্দা বিভাগ (উত্তর)-এর উপ-পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) অশোক কুমার পল, পিপিএম-এর দিকনির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়।

 

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় , সোমবার (২৭ জুলাই) রাত ৮টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের পুলিশ পরিদর্শক মো. ইসমাইল হোসেনের নেতৃত্বে এসআই  মো. কামরুল হাসান ও এএসআই আলামিন হোসেনসহ একটি দল মহানগর সদর থানার গজারিয়াপাড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অভিযান পরিচালনা করে। অভিযানকালে ড্রিম হেভেন অ্যান্ড চাইনিজ রেস্টুরেন্ট থেকে প্রায় ২০০ গজ উত্তরে ময়মনসিংহগামী মহাসড়কে মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থানরত মো. আরিফ ভূঁইয়া (২৭)কে আটক করা হয়। পরে তার হেফাজতে থাকা একটি সাদা রঙের টয়োটা কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক অবৈধ বাজারমূল্য প্রায় ১৮ লাখ টাকা। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানানো হয়েছে।

সিয়াম সরিষা
Link copied!