মোঃ ফরহাদ ,গাজীপুর আঞ্চলিক সংবাদদাতা : দেশে সারের কোনো ঘাটতি নেই এবং কৃষকদের চাহিদা পূরণের জন্য পর্যাপ্ত সার মজুত রয়েছে বলে জানিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। মঙ্গলবার সকালে গাজীপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
কৃষিমন্ত্রী অভিযোগ করে বলেন, একটি অসাধু মহল বাজারে সারের কৃত্রিম সংকট সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। তবে এ ধরনের তৎপরতা মোকাবিলায় সরকার সম্পূর্ণ সতর্ক রয়েছে। কৃষকদের কাছে নিরবচ্ছিন্ন সার সরবরাহ নিশ্চিত করতে ইতোমধ্যেই প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
কৃষি খাতের উন্নয়ন ও রপ্তানি সম্ভাবনা নিয়ে মন্ত্রী বলেন, দেশে কৃষিপণ্যের উৎপাদন বাড়ানোর পাশাপাশি রপ্তানি সক্ষমতা তৈরিতে সরকার পরিকল্পিতভাবে কাজ করছে। ভবিষ্যতে বিশ্ববাজারে বাংলাদেশের কৃষিপণ্যের উপস্থিতি আরও জোরদার করাই মূল লক্ষ্য।
তিনি আরও জানান, কৃষি খাতকে আধুনিক ও রপ্তানিমুখী করতে গবেষণা, প্রযুক্তির ব্যবহার এবং উৎপাদনের মান বৃদ্ধিতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। আন্তর্জাতিক বাজারের চাহিদা অনুযায়ী নিরাপদ ও মানসম্মত কৃষিপণ্য উৎপাদনে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

আপনার মতামত লিখুন :