দাগনভূঞায় খাল পুনঃখননে ৬১ লাখ টাকা সাশ্রয়, সরকারি কোষাগারে ফেরত

মোঃ জিয়া উদ্দিন , ফেনী জেলা সংবাদদাতা

প্রকাশিত: ২৯ জুলাই, ২০২৬, ০৪:০২ পিএম

দাগনভূঞায় খাল পুনঃখননে ৬১ লাখ টাকা সাশ্রয়, সরকারি কোষাগারে ফেরত

ফেনীর দাগনভূঞা উপজেলা প্রশাসন সরকারি উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা, জবাবদিহিতা ও ব্যয় সাশ্রয়ের এক ব্যতিক্রমী নজির স্থাপন করেছে। উপজেলার রাজাপুর-বিরলী খাল ও সিলোনিয়া খালের পুনঃখনন কাজ নির্ধারিত সময়ে সম্পন্ন করে উদ্বৃত্ত ৬১ লাখ ২০ হাজার ৬৪৭ টাকা সরকারি কোষাগারে ফেরত দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীদুল ইসলাম।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দাগনভূঞার রাজাপুর-বিরলী খালের এক কিলোমিটার এবং সিলোনিয়া খালের দুই কিলোমিটার অংশের নাব্যতা ফিরিয়ে আনা, জলাবদ্ধতা দূর করা এবং বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন ব্যবস্থা স্বাভাবিক রাখতে প্রকল্পটির জন্য ১ কোটি ৩ লাখ ৭ হাজার ৯৯০ টাকা বরাদ্দ দেওয়া হয়। পরিকল্পিত বাস্তবায়ন, নিবিড় তদারকি ও ব্যয় ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করায় নির্ধারিত মেয়াদে পুনঃখনন কাজ সম্পন্ন করতে মোট ব্যয় হয়েছে ৪১ লাখ ৮৭ হাজার ৩৪৩ টাকা। ফলে বরাদ্দের প্রায় ৬০ শতাংশ, অর্থাৎ ৬১ লাখ ২০ হাজার ৬৪৭ টাকা অব্যবহৃত থেকে যায়। সরকারি বিধি অনুসরণ করে উদ্বৃত্ত এই অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, উন্নয়ন প্রকল্পে কাজ শেষ হওয়ার পর অব্যবহৃত অর্থ সরকারি কোষাগারে ফেরত দেওয়ার ঘটনা খুবই বিরল। এ উদ্যোগ সরকারি অর্থের সুষ্ঠু ব্যবহার, অপচয় রোধ এবং সুশাসন প্রতিষ্ঠার একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে। স্থানীয় বাসিন্দারা জানান, খাল দুটি পুনঃখননের ফলে পানি প্রবাহ স্বাভাবিক হয়েছে। এতে বর্ষাকালে জলাবদ্ধতা কমবে, কৃষিজমিতে সেচ সুবিধা বাড়বে এবং এলাকার পরিবেশগত ভারসাম্য রক্ষায়ও ইতিবাচক প্রভাব পড়বে বলে তারা আশা করছেন।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে প্রতিটি উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করা হচ্ছে। প্রয়োজনীয় কাজ সম্পন্ন হওয়ার পর যে অর্থ অবশিষ্ট ছিল, তা সরকারি নীতিমালা অনুযায়ী রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দেওয়া হয়েছে।সরকারি অর্থের সঠিক ব্যবহার ও ব্যয় সাশ্রয়ের এমন উদ্যোগ স্থানীয়দের প্রশংসা কুড়িয়েছে। সচেতন মহলের মতে, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে এ ধরনের স্বচ্ছতা ও দায়বদ্ধতা দেশের অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের জন্যও অনুসরণীয় উদাহরণ হতে পারে।

Link copied!