মোঃ হাসান , বান্দরবান : বান্দরবান পাল্পউড প্ল্যান্টেশন বিভাগের রোয়াংছড়ি রেঞ্জে বন বিভাগের কার্যক্রম নিয়ে গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, রেঞ্জ কর্মকর্তা মাঠপর্যায়ে উপস্থিত না থেকে।জেলা সদর থেকে মৌখিক নির্দেশনায় রেঞ্জ পরিচালনা করছেন। এতে করে বনাঞ্চলে বেড়েছে অবৈধ গাছ কাটা ও কাঠ পাচারের ঘটনা।
খোজ নিয়ে জানা যায়,জোত পারমিট অনুমোদন, গাছ কাটা, মজুদ, পরিদর্শন ও পরিবহনসহ গুরুত্বপূর্ণ কার্যক্রম বাস্তবায়ন হচ্ছে সরাসরি তদারকি ছাড়াই। এমনকি এসব কাজে বন বিভাগের পরিবর্তে কাঠ ব্যবসায়ীদের নিয়োজিত লোকজন সক্রিয় ভূমিকা রাখছে। তারাই গাছ চিহ্নিতকরণ (হ্যামারিং), নম্বর প্লেট বসানো, কাটিং, পরিবহনের জন্য গাড়িতে লোডিং-আনলোডিংয়ের দায়িত্ব পালন করছে।
স্থানীয়দের অভিযোগ, এভাবে বন বিভাগের নিয়ন্ত্রণ দুর্বল হয়ে পড়ায় অসাধু চক্র বৈধতার আড়ালে অবৈধ কাঠ পাচারের সুযোগ পাচ্ছে। ফলে রোয়াংছড়ির বনাঞ্চল দিন দিন উজাড় হওয়ার ঝুঁকিতে পড়ছে।
সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, বনাঞ্চল থেকে নিয়মিত গাছ কাটা ও পাচারের ঘটনা ঘটছে। কিন্তু এসব কার্যক্রম ঠেকাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই। স্থানীয় বাসিন্দা মংক্যাচিং মারমা বলেন, “রেঞ্জ অফিস সব সময় বন্ধ দেখি। এখানে কোনো কর্মকর্তা আসে না।” অন্য এক বাসিন্দা অংচিং মারমা জানান, “প্রতিদিন বনের গাছ কেটে ট্রাকে করে নিয়ে যেতে দেখি।
অভিযোগের বিষয়ে রেঞ্জ কর্মকর্তা শফিকুল আমিন পাটোয়ারীর সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি। ফলে তার বক্তব্য জানা সম্ভব হয়নি। এ বিষয়ে বান্দরবান পাল্পউড প্ল্যান্টেশন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আবু ইউসুফ বলেন, “অভিযোগটি গুরুত্বের সঙ্গে দেখে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন :