ফুলগাজীতে ইয়াবাসহ এক যুবক গ্রেপ্তার

জসিম উদ্দিন , ফুলগাজী উপজেলা প্রতিনিধি

প্রকাশিত: ২৯ জুলাই, ২০২৬, ০৪:৪২ পিএম

ফুলগাজীতে ইয়াবাসহ এক যুবক গ্রেপ্তার

ফেনীর ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়নে পুলিশের বিশেষ অভিযানে ১৮৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার দিবাগত গভীর রাতে ফেনাপুষ্করনী এলাকায় এ অভিযান পরিচালনা করে ফুলগাজী থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত আনুমানিক ১টা ৩৫ মিনিটে ফুলগাজী থানার একটি চৌকস দল আমজাদহাট ইউনিয়নের ফেনাপুষ্করনী এলাকায় বশর ডিলারের বাড়ির একটি পরিত্যক্ত ঘরে অভিযান চালায়। অভিযানের সময় সেখানে অবস্থানরত মোহাম্মদ মীর হোসেন (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করা হয়।

আটক মীর হোসেন উত্তর তারাকুচা এলাকার হাজী আহছান উল্ল্যাহ বাড়ির বাসিন্দা জাকির হোসেন ও রাহেনা আক্তারের ছেলে। তিনি বর্তমানে একই এলাকার কামালের নতুন বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন। পুলিশের দাবি, আটক ব্যক্তির দেহ তল্লাশি করে তার হেফাজত থেকে ১৮৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত মাদক জব্দ করে তাকে থানায় নিয়ে যাওয়া হয়।

ফুলগাজী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিন মিয়া জানান, গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে ইয়াবাসহ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে এবং উপজেলার বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করে মাদক কারবারিদের আইনের আওতায় আনা হবে।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

Link copied!