ফরিদপুরের নগরকান্দায় ট্রাক থেকে প্রায় ১৭ লাখ টাকার সয়াবিন তেল ও নগদ টাকা চুরির ঘটনায় দুই সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় আলফাডাঙ্গা ও গোপালগঞ্জের কাশিয়ানীতে অভিযান চালিয়ে ৩৬৪ কার্টন ও ৫২ বোতল চোরাই সয়াবিন তেল উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া তেলের পরিমাণ ৬ হাজার ৭৬৩ লিটার।
গ্রেপ্তাররা হলেন আলফাডাঙ্গা উপজেলার মিঠাপুর মধ্যপাড়ার মো. রাসেল শেখ (২৭) এবং নগরকান্দা উপজেলার তারাকান্দী পশ্চিমপাড়ার মো. সৈয়দ আলী শেখ ওরফে আলম (২৬)।
পুলিশ জানায়, গত ১৯ জুলাই সিটি গ্রুপের ‘সান’ ও ‘তীর’ ব্র্যান্ডের মোট ৭৪০ কার্টন সয়াবিন তেল মাদারীপুরের টেকেরহাট ডিপোতে পৌঁছে দেওয়ার জন্য একটি ভাড়াকৃত ট্রাকে পাঠানো হয়। অভিযোগ রয়েছে, ট্রাকটি নির্ধারিত গন্তব্যে না নিয়ে নগরকান্দার সুতারকান্দা এলাকায় থামিয়ে রাতের অন্ধকারে ৪৬১ কার্টন তেল ও নগদ ৬২ হাজার টাকা চুরি করা হয়। পরে ট্রাকে অবশিষ্ট ২৭৯ কার্টন তেল রেখে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কলেজ মোড় এলাকায় ট্রাকটি পরিত্যক্ত অবস্থায় ফেলে পালিয়ে যায় অভিযুক্তরা।
পুলিশের ভাষ্য অনুযায়ী, চুরি হওয়া তেল ও নগদ টাকাসহ মোট ক্ষতির পরিমাণ ১৭ লাখ ৪৩ হাজার ১৯৪ টাকা ঘটনার পর গোপন সংবাদের ভিত্তিতে ২৩ থেকে ২৬ জুলাই পর্যন্ত নগরকান্দা, আলফাডাঙ্গা ও কাশিয়ানীতে একাধিক অভিযান চালানো হয়। অভিযানে বিভিন্ন স্থান থেকে ‘সান’ ও ‘তীর’ ব্র্যান্ডের মোট ৩৬৪ কার্টন এবং ৫২ বোতল সয়াবিন তেল উদ্ধার করা হয়। এসব তেল জব্দ তালিকার মাধ্যমে জব্দ করেছে পুলিশ।
পুলিশ জানায়, গ্রেপ্তার দুই সন্দেহভাজনের দেওয়া তথ্যের ভিত্তিতেই অধিকাংশ চোরাই তেল উদ্ধার সম্ভব হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে। একই সঙ্গে এ ঘটনায় জড়িত পলাতক অন্যান্য আসামিকে গ্রেপ্তার এবং অবশিষ্ট চোরাই মালামাল উদ্ধারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

আপনার মতামত লিখুন :